কৃষিপণ্য রপ্তানিতে ওআইসির দেশগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ১৯ জুন ২০২৩
ছবি: পিআইডি

কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বহির্বিশ্বে বাজার খুঁজতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ক্ষেত্রে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) দেশগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন তিনি।

আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওআইসিভুক্ত দেশগুলো, যেখানে বাংলাদেশের মানুষও আছেন, সেখানে বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ দেখা দিয়েছে, বিশেষ করে ফল ও শাকসবজি। তাই সেখানে তা রপ্তানি করার বিষয়ে সংশ্লিষ্ট সবাই যেন নজর দেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, বর্তমানেও ওই সব দেশে বাংলাদেশের কৃষিপণ্য যায়, সেটিকে এখন যেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ফসলি জমি থেকেও বালু তোলা যাবে না

বৈঠকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে যেসব এলাকা থেকে মাটি বা বালু তোলা নিষিদ্ধ ছিল, তার মধ্যে ফসলি জমি অন্তর্ভুক্ত ছিল না। এখন ফসলি জমিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এল ফলে কোনো ফসলি জমি থেকেও মাটি ও বালু উত্তোলন করা যাবে না। নদীপথের নাব্য বিনষ্ট করতে পারে, এ রকম হুমকি থাকলে সেখান থেকেও বালু বা মাটি তোলা যাবে না। এ ছাড়া এখন অবৈধভাবে বালু বা মাটি তোলার যন্ত্র জব্দ করা যাবে। আর বালু পরিবহনের কারণে কোনো রাস্তা বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে তা পরিশোধ করবেন ইজাদারেরা। আর ইজারা কার্যক্রম অনলাইনে হবে।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়, ১৯ জুন ২০২৩
ছবি: পিআইডি

বৈঠকে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ ২০২৩–এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে জাল-জালিয়াতি বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।  

আরও একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে

বৈঠকে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ৫৭টি। এ ছাড়া এখন পর্যন্ত দেশে ১১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ গত সপ্তাহে মন্ত্রিসভা শরীয়তপুর ও ঠাকুরগাঁওয়ে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয়। এ জন্য দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এর মধ্যে শরীয়তপুরের বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‌‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর’। আর ঠাকুরগাঁওয়ের বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’।

মন্ত্রিসভার আজকের বৈঠকে ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া, জাতীয় গ্রন্থাগার নীতি-২০২৩’–এর খসড়া, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা, ২০২৩ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও বাংলাদেশ ও কানাডার মধ্যে বিমান চলাচলবিষয়ক চুক্তির খসড়া এবং বিমসটেক সনদের খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন