চট্টগ্রামে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

৯ বছর আগে চট্টগ্রাম নগরে অস্ত্র–গুলি উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম বাসু দাশ। আজ রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এই রায় দেন।

সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে অস্ত্র উদ্ধারের জন্য ১০ বছর এবং কার্তুজের জন্য ৭ বছরসহ মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একসঙ্গে চলবে।

সরকারি কৌঁসুলি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৫ আগস্ট নগরের পাহাড়তলী থানার সেবা খোলা মন্দিরের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে ধাওয়া দিয়ে বাসু দাশকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা-পুলিশ। পরে তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হলে তদন্ত শেষে থানা-পুলিশ একই বছরের ১৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। পরের বছরের ৩ ফেব্রুয়ারি আসামি বাসু দাশের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।