১০ ও ১১ এপ্রিল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন
১০ ও ১১ এপ্রিল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে দুই দিনের এই বার্ষিক সম্মেলন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হবে। এটি সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন।
বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার। সম্মেলনে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে রবীন্দ্রপদক প্রদান করে সম্মাননা জানানো হবে।
সারা দেশের সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক এবারের সম্মেলনে অংশ নেবেন। বর্তমানে সারা দেশে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৮২টি সক্রিয় শাখা রয়েছে।
আজ বুধবার সকালে ছায়ানট সংস্কৃতি ভবনে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী লিলি ইসলাম। বক্তব্য দেন সভাপতি মফিদুল হক, সভাপতি সারওয়ার আলী, নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, সহসভাপতি আমিনুল হক, লাইসা আহমদ লিসা। আরও উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য জহিরুল হক খান, আবুল ফারাহ পলাশ ও সদস্য রশীদ আল হেলাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ এপ্রিল সকাল দশটায় বোধন সংগীত ‘আমি মারের সাগর পাড়ি দেব’ গানটির মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর থাকবে কিশোর ও সাধারণ বিভাগের জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। প্রথম দিনের সান্ধ্যকালীন অধিবেশনের একটি পর্ব থাকবে নজরুল সংগীত। দ্বিতীয় দিন বেলা সাড়ে এগারোটায় থাকবে ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক সেমিনার। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি মফিদুল হক।
সম্মেলনের দুই দিনেরই সান্ধ্য অধিবেশনে থাকবে গুণীজনের সুবচন, গীতিআলেখ্য, আবৃত্তি, নৃত্য ও গান।