হামে মৃত্যু থামছেই না, আরও ৮ জনের মৃত্যু
দেশে হামে মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই আটজনের মৃত্যুর মধ্য দিয়ে ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হলো হামে। দেশের ইতিহাসে এত মৃত্যুর ঘটনা ঘটেনি। হাম বাংলাদেশ থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হামের উপসর্গের ১ হাজার ৪১৪ জন রোগী শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হামে ১৫৮ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫৭২ রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৯৯ জন।
গত ১৫ মার্চ থেকে আজ ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৫৯৫ জন শনাক্ত হয়েছে। এ সময়ে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আটজনের মৃত্যুর ঘটনাই হামের উপসর্গ নিয়ে।
কেন এবারের প্রাদুর্ভাব
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই প্রাদুর্ভাবের আগে হাম নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বাংলাদেশ। ২০০০ সালে হামের টিকার প্রথম ডোজ গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ১১৮ শতাংশে (ডব্লিউইউইএনআইসি)। ২০১২ সালে দেশব্যাপী দ্বিতীয় ডোজ চালু হওয়ার পর এ টিকা গ্রহণের হারও বেড়েছে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ গ্রহণের হার ছিল ২২ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ১২১ শতাংশে পৌঁছায়। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসে।
তবে ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশজুড়ে হাম-রুবেলার (এমআর) টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের হার আবার কমে যায়।
বাংলাদেশে ২০২৫ সালে টিকাদানের হার ৫৯ শতাংশে গিয়ে পৌঁছায়।
সরকারি হিসাবেই ২০২৫ সালে হঠাৎ এ হার ৫৯ শতাংশে নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে টিকার স্বল্পতা দেখা দেয়। কিন্তু ভ্রুক্ষেপ ছিল না সে সময়ের সরকারের। এবার হামের এই ভয়াবহ অবস্থার মূলে সেটিই শুরু বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার টিকা সংগ্রহের প্রচলিত পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নিলে ইউনিসেফ বারবার উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের আশঙ্কা ছিল, এতে টিকা সরবরাহে দীর্ঘ বিলম্ব হবে এবং রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তিনি আরও জানান, ইউনিসেফ একাধিক বৈঠক করেছে, প্রতিটি বৈঠকের পর সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এবং সম্ভাব্য টিকাসংকট, রোগের প্রাদুর্ভাব ও মৃত্যুঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এবারের প্রাদুর্ভাবে আক্রান্ত ব্যক্তিদের বড় অংশই ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি ৯ মাস বয়স পূর্ণ হওয়ার আগেই কিছু শিশু আক্রান্ত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বড় ভুল, এ সরকারের নির্লিপ্ততার ফল
এবার লক্ষাধিক শিশুর হামে আক্রান্ত হওয়া এবং হাজারের বেশি শিশুর মৃত্যু বড় ধরনের ভুলের খেসারত বলে মনে করেন বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে–নজীর আহমদ। তিনি আজ প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এ বড় ভুলের শুরু। সেই সময় টিকাদানে ঘাটতি এই বড় বিপর্যয়ে ভূমিকা রেখেছে। এরপর এই সরকারের সময় জনস্বাস্থ্যের এই জরুরি বিষয়কে হালকা করে নেওয়া হয়েছে।
অধ্যাপক বে–নজীর বলেন, হামের প্রাদুর্ভাবের শুরু থেকেই সাবধান করা হয়েছিল। একে মহামারি ঘোষণার কথা বললে সরকার তাতে পাত্তা দেয়নি। আমাদের কথাকে বরং নানাভাবে অবজ্ঞা করা হয়েছে। তারা নির্লিপ্ত ছিল। এখন অন্তর্বর্তী আর বর্তমান এই দুই সরকারের ভুলের মাশুল দিতে হচ্ছে পুরো দেশকে।
‘টেলিফোনে জনস্বাস্থ্য প্রচার হয় না’
বাংলাদেশে হামে এত মৃত্যুর ঘটনা আগে কখনো ঘটেনি। গত আড়াই দশকে কখনো দেশে হামের সংক্রমণ ৫০ হাজার ছাড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল ২০০৫ সালে, ২৫ হাজার ৯৩৪ জন। এর পর থেকে রোগী কমে আসে। ২০২৫ সালে মাত্র ১৩২ জন রোগী শনাক্ত হয়েছিল। আগের পাঁচ বছরের (২০২০ থেকে ২০২৪) রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২ হাজার ৪১০, ২০৩, ৩১১, ২৮১ ও ২৪৭। এ সময়ে মৃত্যুর ঘটনা ছিলই না। চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশে হামের প্রকোপ শুরু হয়।
পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলেও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা, নজরদারি ও গণটিকাদান কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। পরবর্তীকালে বর্তমান সরকার জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালু করলেও দেখা গেল, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু হামের টিকার বাইরে রয়ে গেছে।
জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, সরকার যত কথাই বলুক, বাস্তবে ঘরে ঘরে গিয়ে টিকাদানের যে রীতি সেটা আর নেই। অনেকেই টিকা দেওয়ার খবর জানে না। জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না। সরকার টিকাদানে কার্যত ব্যর্থ হয়েছে।