অর্থ পাচার মামলায় টেলিটকের সাবেক কর্মকর্তার ১২ বছর কারাদণ্ড
অর্থ পাচার মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জোবায়েরকে ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঞা আজ রোববার এ রায় দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।
রেজাউল করিম জানান, অর্থ পাচার মামলায় টেলিটকের চাকরিচ্যুত ব্যবস্থাপক জোবায়েরকে কারাদণ্ডের পাশাপাশি ১১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আসামি পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, টেলিটকের ব্যবস্থাপক পদে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শাহ মো. জোবায়ের বেতন-ভাতা বাবদ আয় করেন ৫৯ লাখ ৫৬ হাজার টাকা। অথচ বিভিন্ন ব্যাংক হিসাবে ৫ কোটির বেশি টাকা লেনদেনের প্রমাণ পায় দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে শাহ মো. জোবায়েরের বিরুদ্ধে গুলশান থানায় ২০১৭ সালের ৩ অক্টোবর মামলা হয়। পরের বছর ১৮ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ২০১৯ সালে জোবায়েরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের পক্ষ থেকে ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।