সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে: ধর্মমন্ত্রী
সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার রাতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রী বিমানবন্দর পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উদ্বেগের কথা শোনেন। এই কঠিন সময়ে সরকার তাঁদের পাশে রয়েছে বলে যাত্রীদের আশ্বস্ত করেন মন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাঁদের যাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহযাত্রীসহ অনেকে আটকে পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের তথ্য প্রদান করতে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।