জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১

‘স্মৃতি ৭১’-এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধারা। আগারগাঁও, ঢাকা। ১৩ নভেম্বর ২০২৬ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৪ জানুয়ারি ২২ জন শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর দুই মাস পরই শুরু হয় মুক্তিযুদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শুরুর সময়ের শিক্ষার্থীদের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আরও অনেকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, শিক্ষকতাও করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট এমন ৫৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম সংগ্রহ করেছে ‘স্মৃতি ৭১’ নামের একটি সংগঠন। তাঁদের স্মরণ ও সম্মাননা জানাতে ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় সবাই দাঁড়িয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। অন্য জীবিত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে স্মারক পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘স্মৃতি ৭১’-এর অন্যতম সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফারুক এইচ খান।

ফারুক এইচ খান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের সময়ের যোগসূত্র রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের অনেক শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আবার অনেকে স্কুল-কলেজে পড়ার সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পরে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কয়েকজন শিক্ষককেও এই তালিকায় রাখা হয়েছে।

ফারুক এইচ খান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। আগে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই তালিকার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা ও বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে তাঁরা এখন পর্যন্ত ৫৪ জনের নাম পেয়েছেন। এই তালিকা চূড়ান্ত নয়। ভবিষ্যতে গবেষণার মাধ্যমে তালিকায় আরও নাম যুক্ত হতে পারে, আবার বাদও যেতে পারে।

সংগঠনটি জানিয়েছে, ‘স্মৃতি ৭১’ মুক্তিযোদ্ধাদের প্রত্যয়ন করার কোনো সংগঠন নয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলেও জানানো হয়। সংগঠনটি কোনো রাজনৈতিক দলের ফোরাম নয় বলেও উল্লেখ করা হয় আয়োজনে।

আয়োজনে সাংস্কৃতিক পর্বও ছিল। এতে দেশাত্মবোধক গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করা হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান সংগঠকেরা।