সাইফুল আলম ও তাঁর পরিবারের নামে থাকা ২০০ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

সাইফুল আলম (এস আলম)ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরাসহ বিভিন্ন জায়গায় থাকা জমি, ফ্ল্যাট, প্লট, ভবনসহ ২০০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।

দুদক ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১৬টি স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক (ডিডি) আবু সাঈদ। শুনানি নিয়ে আদালত এসব সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন।

দুদকের তথ্য অনুযায়ী, ক্রোকের আদেশ পাওয়া ১৬টি স্থাবর সম্পদের দলিলমূল্য ২০০ কোটি টাকা। এসব সম্পদের মধ্যে রয়েছে এস আলমের নামে গুলশানে এক বিঘা জমি। জমির দলিলমূল্য ২০ কোটি টাকা। আরও রয়েছে মোহাম্মদপুরে এক বিঘা জমি, ধানমন্ডিতে চারতলা আবাসিক ভবন, গুলশানের ৫টি ফ্ল্যাট, উত্তরায় সাততলা ভবন, গুলশানে প্লট এবং বসুন্ধরায় কয়েক একর জমি।

আরও পড়ুন

একই সঙ্গে যেই ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে, সেগুলোতে ২৫ কোটি টাকা রয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। 

দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এ সময় তাঁদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২৫টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ১৯১ টাকা পাওয়া যায়।

গত ৭ অক্টোবর মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী, সন্তান, ভাইসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

আরও পড়ুন