বিএনপির নিপুণ রায়কে হাইকোর্টের দেওয়া জামিন বহাল
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়কে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে। তাঁর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ‘নো অর্ডার’ দিয়েছেন।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগে করা মামলায় গত সোমবার হাইকোর্ট নিপুণ রায়কে তিন মাসের আগাম জামিন দেন। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। অন্যদিকে নিপুণের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এম বদরুদ্দোজা।
পরে জ্যেষ্ঠ আইনজীবী এম. বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, নিপুণ রায়কে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে। চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। ফলে নিপুণ রায়কে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রইল।
এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, নেতা-কর্মীদের মারধর ও ভাঙচুরের অভিযোগে জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এস এম সুমন ২৭ মে কেরানীগঞ্জ মডেল থানায় ওই মামলা করেন। এতে নিপুণ রায়সহ বিএনপির ১০৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার সকালে ১০ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। সমাবেশ শুরু হওয়ার পর বিএনপির নেতারা আওয়ামী লীগ সরকারকে উৎখাতসহ বিভিন্ন উত্তেজনামূলক বক্তব্য দেন।
এতে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় নিপুণ রায় উসকানিমূলক বক্তব্য দিলে নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে নিপুণ রায়ের হুকুমে নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও বাঁশের লাঠিসোঁটা নিয়ে সড়কে যানবাহন ও মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং গালিগালাজ করতে থাকেন।
এজাহারে আরও বলা হয়েছে, একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে কার্যালয়ের আসবাব ও গ্লাস ভাঙচুর এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আজহার বাঙালিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধর করেন।