ঈদযাত্রার ১৪ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৫ জন: রোড সেফটি ফাউন্ডেশন
ঈদুল ফিতরের আগে-পরে ১৪ দিনে (গত ১৬ থেকে ২৯ এপ্রিল) দেশে ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫৪ জন। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার এ চিত্র তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। আজ মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি এ সংগঠন। তারা বলেছে, ঈদযাত্রায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।
রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, গত বছর ঈদুল ফিতর উদ্যাপনকালে ২৮৩টি দুর্ঘটনায় ৩৭৬ জনের প্রাণহানি ঘটেছিল। এ হিসাবে এ বছরের ঈদুল ফিতরে দুর্ঘটনা কমেছে ১৫ শতাংশ এবং প্রাণহানি কমেছে ২৪ শতাংশের বেশি।
রোড সেফটির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ২৬, শিশু ৫৩। ১২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩৩ জন, যা মোট নিহতের ৪৬ দশমিক ৬৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনা ৫২ দশমিক ৯১ শতাংশ। দুর্ঘটনায় ৫২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৮ দশমিক ২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ২৭ জন। অর্থাৎ ৯ দশমিক ৪৭ শতাংশ। এ সময়ে ৫টি নৌ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
যানবাহনভিত্তিক নিহতের চিত্র
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা গেছে, মোটরসাইকেলের চালক ও আরোহী ১৩৩ জন, বাসযাত্রী ৯ জন, ট্রাক-পিকআপ-ট্রলি আরোহী ১৫ জন, প্রাইভেটকার আরোহী ২ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৫১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নছিমন-চান্দের গাড়ি-টমটম-লাটাহাম্বা) ১০ জন এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী ১৩ জন।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৬ শতাংশের বেশি জাতীয় মহাসড়কে, ৩৪ শতাংশের বেশি আঞ্চলিক সড়কে, প্রায় ১৮ শতাংশ গ্রামীণ সড়কে এবং প্রায় ১১ শহরের সড়কে সংঘটিত হয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনার ধরন
মোটরসাইকেল দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে ৫৫ দশমিক ১১ শতাংশ, মুখোমুখি সংঘর্ষ ঘটেছে ২১ দশমিক ২৫ শতাংশ, অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা বা চাপায় দুর্ঘটনা ঘটেছে ২৩ দশমিক ৬২ শতাংশ। বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ১৬ জন পথচারী নিহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫১ শতাংশ ১৩ থেকে ২০ বছর বয়সী।
২০২২ সালের ঈদুল ফিতর উদ্যাপনকালে ১২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৬ জন নিহত হয়েছিলেন। এ হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমেছে প্রায় ১৫ শতাংশ।
সময় ও বিভাগ
সময় বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে। মোট দুর্ঘটনার প্রায় ২৬ শতাংশ ঘটেছে এ সময়। দুপুরে হয়েছে ২২ শতাংশ আর বিকেলে ১৮ শতাংশ। আর বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকা বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানি সবচেয়ে বেশি হয়েছে। মোট দুর্ঘটনার ২৮ শতাংশের বেশি হয়েছে এ বিভাগে এবং প্রাণহানি ঘটেছে ২৬ শতাংশের বেশি।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদুল ফিতরে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ ঘরমুখী যাত্রা করেছেন এবং দেশের অভ্যন্তরে প্রায় চার কোটি মানুষ যাতায়াত করেছেন। ঈদের আগে-পরে যথেষ্ট ছুটি থাকা, পদ্মা সেতু চালু হওয়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কয়েকটি ওভারপাসসহ ফোর লেন হওয়া, দেশের বিভিন্ন সড়কের অবস্থা ভালো থাকা, বৃষ্টি না হওয়া এবং সরকারের বাড়তি তৎপরতা থাকা ইত্যাদি কারণে ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। কোথাও তেমন অসহনীয় যানজট হয়নি। দুর্ঘটনাও অনেকটা কম ঘটেছে।
সড়কে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে এ প্রতিবেদনে ত্রুটিপূর্ণ যানবাহনের কথা উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর পাশাপাশি আছে বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা।
দুর্ঘটনা রোধে একগুচ্ছ সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে আছে দক্ষ চালক তৈরি, চালকদের বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট করা, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা, পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করা। ঈদের আগে-পরে সড়ক, নৌ ও রেলপথে কঠোর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করারও সুপারিশ করেছে সংগঠনটি।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনা আমাদের জীবনে নিত্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ধারাবাহিকতা নেই। সবকিছু চলছে দায়সারাভাবে। সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে।’