পদত্যাগের আলোচনার মধ্যে আইজিপি বললেন, তিনি পদত্যাগ করেননি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন—এমন আলোচনা ছড়িয়ে পড়েছে। তবে আজ রোববার রাতে বাহারুল আলমের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, পদত্যাগ করেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকার শপথ নেবে। উদ্ভূত পরিস্থিতিতে আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, আজ পুলিশ সদর দপ্তরে নির্বাচন-পরবর্তী একটি সভা হয়েছে। সেখানে আইজিপি পদত্যাগ করবেন বলে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তখন কর্মকর্তারা বলেছেন, দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হবে। এরপর তাঁকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।
রাতে পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, আইজিপির পদত্যাগ–সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁকে আইজিপি পদে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। সে হিসাবে আইজিপি হিসেবে বাহারুল আলমের মেয়াদ আরও ৯ মাসের বেশি রয়েছে।