তারেক রহমানের সাবেক পিএসের বিচার শুরু
দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের সরকারি কৌঁসুলি ফাতেমা খানম।
আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগ গঠনের সময় কারাগার থেকে মিয়া নুর উদ্দিনকে আদালতে হাজির করা হয়। আদালতের কাছে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
২০১৯ সালের ৪ জানুয়ারি মিয়া নুর উদ্দিন গ্রেপ্তার হন। পরে তাঁকে অর্থপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই অর্থপাচার মামলায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। কারাগারে আটক থাকা অবস্থায় সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য মিয়া নূর উদ্দিনকে ২০২০ সালের ১ জানুয়ারি আইনি নোটিশ দেয় দুদক। তবে দুদকে তিনি সম্পদের হিসাব জমা দেননি। পরে ২০২১ সালের ২৮ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।