যারা মামলা বাণিজ্য করছেন, তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী বলেছেন, গত ৫ আগস্টের পর ঢাকার বিভিন্ন থানায় অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় বাদী ইচ্ছে করে অনেককে আসামি করেছেন। যেসব বাদী মামলা বাণিজ্য করছেন, তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে।
আজ রোববার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচিত কমিটি ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যায়। তখন তিনি এসব কথা বলেন বলে ক্র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি কমিশনার বলেন, গণমামলায় গণ–আসামি থাকবে না। যেসব বাদী মামলা বাণিজ্য করছেন, তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। একই সঙ্গে মামলা তদন্ত করে যাঁদের নাম আসবে, শুধু তাঁরাই আসামি থাকবেন।
জুলাই–আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কমিশনার সাজ্জাত বলেন, জুলাই–আগস্টে পুলিশের ভূমিকা সঠিক ছিল না। এত লোকের মৃত্যু হওয়ার কথা নয়। ভারী অস্ত্র ব্যবহার করা ঠিক হয়নি। মামলা ও গ্রেপ্তার বাণিজ্যে কিছু পুলিশ সদস্য জড়িত বলে স্বীকার করেন তিনি। এই পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
ঢাকা শহরে ৭ শতাংশ সড়ক রয়েছে জানিয়ে তিনি বলেন, এত কম সড়ক নিয়ে বিশ্বের সেরা বিশেষজ্ঞ আনলেও যানজট নিরসন করা সম্ভব নয়। তারপরও ট্রাফিক পুলিশ যানজট নিরসনে পরিশ্রম করে যাচ্ছে।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।