অবৈধ অভিবাসন ও অনিয়মের সঙ্গে জড়িত অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে সরকারের জারি করা প্রজ্ঞাপন বহাল রয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ রোববার এ আদেশ দেন।
নিউ এজ ইন্টারন্যাশনালসহ কয়েকটি রিক্রুটিং এজেন্সির করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করেন। এ আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। আবেদনটি চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
পরে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানুষের বিদেশে কর্মসংস্থানের অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল হচ্ছে মালয়েশিয়া।…দেশের মানুষের বিদেশে কর্মসংস্থানের নামে নির্ধারিত ফিসের বাইরেও অতিরিক্ত অর্থ আদায়, এক কাজের কথা বলে অন্য কাজ, ভুয়া ভিসা দেওয়া—এ ধরনের নানা রকম অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমবাজার একেবারে ধসে পড়েছিল।…যারা এই অব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মামলা করা হয়। তদন্ত শেষে সেই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।’
বর্তমান সরকার আসার পর ১৯ জুলাই এক আদেশে (প্রজ্ঞাপন) যেসব রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে এবং যেগুলোর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে—এটা বিবেচনায় রেখে আইন অনুযায়ী ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস। তিনি বলেন, এই আদেশ চ্যালেঞ্জ করে একটি এজেন্সি রিট করলে ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে রুল এবং ওই আদেশের (প্রজ্ঞাপন) কার্যকারিতা স্থগিত হয়। অর্থাৎ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারে সরকারের সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে চেম্বার আদালত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
পরবর্তীকালে আরও ১১টি এজেন্সি আরেকটি রিট করে অবকাশকালীন বেঞ্চ থেকে আদেশ (স্থগিতাদেশ) নিয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস। তিনি বলেন, এর বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার আদালত। অর্থাৎ ১৯ জুলাই সরকারের পক্ষ থেকে যে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছিল, সরকারের সেই আদেশ বহাল থাকল।
এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গত ১৯ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুসারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন-২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান মেনে চলার বাধ্যবাধকতা আছে। তবে লাইসেন্স বাতিল করা এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল এবং তা গৃহীত হয়েছে। এ কারণে অভিবাসী আইন অনুসারে লাইসেন্সগুলো প্রত্যাহার করা হয়েছে।
লাইসেন্স প্রত্যাহার হওয়া এজেন্সির মধ্যে আছে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন দুটি এজেন্সি অরবিটালস এন্টারপ্রাইজ ও অরবিটাল ইন্টারন্যাশনাল। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল।
আরও আছে জনশক্তি খাতের আলোচিত ব্যবসায়ী নূর আলীর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড এবং মালয়েশিয়া সিন্ডিকেটের অন্যতম সদস্য রুহুল আমিন ওরফে স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনাল।
আরও যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মেসার্স শাহীন ট্রাভেলস, আরভিং এন্টারপ্রাইজ, হৃদয় ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত ইন্টারন্যাশনাল, ৪ সাইট ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, দামাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, মানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস, বিএনএস ওভারসিজ লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালট্যান্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জেজি আলফালাহ ম্যানেজমেন্ট, ইমপিরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি আর ওভারসিজ লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড ও অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি।