সরকারি গাড়ি নিয়ে প্রচারণা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানকে তলব

নৌকার প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছেছবি. সংগৃহীত।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-চট্টগ্রাম নগরের আংশিক) আসনে নৌকার প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার এ নোটিশ পাঠান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। এ চিঠিতে তাঁকে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টার মধ্যে সশরীর হাজির হয়ে আচরণবিধি ভঙ্গ করা বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইউএনও কে এম রফিকুল ইসলাম জানান, উপজেলা জাতীয় পার্টি তাঁর দপ্তরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই অভিযোগে উল্লেখ করা হয়—জয়নব বিবি সরকারি গাড়িতে নির্বাচনী পোস্টার লাগিয়ে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় কয়েকজন নারী কর্মীকে নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এস এম আল মামুনের (নৌকা) নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ ধরনের আচরণবিধি লঙ্ঘন করলে প্রথমবার সতর্ক করা ও মুচলেকা নেওয়া হয়। বারবার অপরাধ করলে জেল-জরিমানার বিধানও রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি প্রথম আলোকে বলেন, সরকারি গাড়ি ব্যবহার করে প্রচারণা চালানো আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে, তা তিনি জানতেন না। তিনি সশরীর গিয়ে ব্যাখ্যা দেবেন। এ ধরনের আর ভুল করবেন না বলে তিনি জানান।