ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন

‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ছবি: প্রথম আলো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং জাতীয় সংগীত গাওয়া হয়। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ আমন্ত্রিত অতিথিরা ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ম্যাগাজিন সম্পর্কে বলেন, ‘আমরা এই ম্যাগাজিনে শহীদ আবু সাঈদের পিতা, শহীদ ওয়াসিমের বোন এবং শহীদ মুগ্ধর পিতাসহ জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানের রুটম্যাপটা (পরিকল্পনা) দিয়েছি, কীভাবে আন্দোলন সংগঠিত হয়েছে, একদম নিরপেক্ষভাবে।’

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ম্যাগাজিন প্রকাশনা কমিটির সভাপতি নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমাদের প্রাথমিক একটা চিন্তা ছিল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করব। সে সময় তিনি সুস্থ ছিলেন। কিন্তু এর মধ্যে ম্যাডাম অসুস্থ হয়ে গেছেন, উনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর আমরা বারবার বিভিন্ন সমস্যার কারণে বইয়ের মোড়ক উন্মোচন করতে পারিনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সসহ অনেকে।