টিভিএস নিয়ে এল ব্লুটুথ কানেক্টেড মোটরসাইকেল
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশনের মেরিন ব্লু কালারের মোটরসাইকেল বাজারে এনেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এক ভার্চ্যুয়াল ইভেন্টে মোটরসাইকেল বাজারে আনার কথা জানানো হয়।
টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, ‘আমরা বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করতে পেরে আনন্দিত। স্মার্ট স্কুটার হিসেবে এটি একজন রাইডারকে সর্বোত্তম সন্তুষ্টি প্রদানে বদ্ধপরিকর। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।’
টিভিএসের ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন, ‘টিভিএস মোটর কোম্পানি সব সময় আমাদের গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণে সর্বোত্তম প্রযুক্তিতে মোটরসাইকেল উদ্ভাবন করার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে থাকে। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করার সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের তরুণদের জন্য একটি আকর্ষণীয়, উদ্ভাবনী ও উন্নত স্কুটার নিয়ে এসেছি। স্কুটারটি সারা বিশ্বে জেনারেশন জেডের মধ্যে এর পারফরম্যান্স, স্টাইল ও প্রযুক্তি দিয়ে প্রিয় স্কুটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমরা আত্মবিশ্বাসী যে এটি বাংলাদেশের স্কুটার বিভাগে বিশেষ স্থান তৈরি করবে।’