সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

আলোচিত বটল-গ্রিন রঙের ‘১০ নম্বর জার্সি’ পরে শপথ নেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই গণ–অভ্যুত্থানের দিনগুলোয় হাসনাত আবদুল্লাহর পরনের ‘১০ নম্বর জার্সি’ আলোচনার জন্ম দিয়েছিল। এবার তিনি সেই একই জার্সি পরে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন।

আজ মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির ছয় নির্বাচিত প্রার্থী। পরে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করেন তিনি। হাসনাত আবদুল্লাহ ভোট পান ১ লাখ ৬৬ হাজার ৫৮৩টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। তিনি ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৮৮৫ ভোট পান।

আজ হাসনাত আবদুল্লাহ তাঁর বটল-গ্রিন রঙের আলোচিত জার্সিটি পরে শপথ নেন। জার্সিটির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো রয়েছে। ইংরেজিতে লেখা আছে বিশ্ববিদ্যালয়ে তাঁর বিভাগের নাম—‘ইংলিশ’। জার্সির পেছনে ইংরেজিতে তাঁর নাম (হাসনাত) লেখা। জার্সি নম্বর ১০।

শপথ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নবনির্বাচিত প্রার্থী
ছবি: ভিডিও থেকে নেওয়া
আরও পড়ুন