গার্ডারচাপায় ৫ জন নিহতের ঘটনায় ক্রেনের চালকসহ ৯ জন গ্রেপ্তার

বউভাতের অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন বাসায়। পথে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে নিহত হয়েছেন পাঁচজন
ফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ক্রেনের চালক, তাঁর সহকারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

আজ বুধবার র‌্যাবের এক খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিআরটি প্রকল্পের নির্মাণকাজ চলাকালে সেখানে নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা রয়েছেন।

গত সোমবার বিকেলে উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণকাজ চলাকালে ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় সেটি চলন্ত প্রাইভেট কারের ওপর পড়ে। গার্ডার চাপা পড়ার পরপরই ক্রেনচালক পালিয়ে যান। অন্য ক্রেনচালক এনে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় পর গার্ডারটি সরিয়ে গাড়ির মধ্য থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেখানে ক্রেনচালককেও আসামি করা হয়েছে।