সুযোগ-সুবিধা কম, তাই অন্য ক্যাডারে ঝুঁকছেন চিকিৎসকেরা: ইকবাল আর্সলান

প্রকৌশলী ও চিকিৎসকেরা বিসিএসে তাঁদের জন্য নির্ধারিত কারিগরি পেশার ক্যাডার ছেড়ে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের দিকে বেশি ঝুঁকছেন। সর্বশেষ পাঁচটি বিসিএস পরীক্ষার ফল পর্যালোচনা করে দেখা গেছে, এ তিন ক্যাডারে নিয়োগ পাওয়া ১ হাজার ৯৮০ জন কর্মকর্তার মধ্যে ৩৮৭ জনই প্রকৌশলী ও চিকিৎসক। আইনগত ও অধিকারের জায়গা থেকে কোনো বাধা না থাকলেও বিশেষায়িত পেশা ছেড়ে অনেক চিকিৎসক ও প্রকৌশলীর অন্য ক্যাডারে চলে যাওয়ার এই প্রবণতা নিয়ে বিভিন্ন মহলেই আলোচনা চলছে। এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মৌলিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এম ইকবাল আর্সলান। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম ইকবাল আর্সলান
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রথম আলো: সাম্প্রতিক সময়ে একটি প্রবণতা দেখা যাচ্ছে, সেটি হলো প্রকৌশলী ও চিকিৎসকেরা বিসিএসে তাঁদের জন্য নির্ধারিত কারিগরি পেশার ক্যাডার ছেড়ে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের চাকরিতে বেশি ঝুঁকছেন। বিষয়টি কীভাবে দেখছেন?

এম ইকবাল আর্সলান: নাগরিক অধিকারের জায়গা দেখলে প্রকৌশলী ও চিকিৎসকেরাও যেকোনো পেশায় যেতে পারেন। এটি বৈধ বিষয়।

প্রশ্ন :

প্রথম আলো: কিন্তু বিশেষায়িত একটি পেশা ছেড়ে চিকিৎসক ও প্রকৌশলীদের অন্য ক্যাডারে চলে যাওয়ার কারণ কী হতে পারে বলে মনে করেন?

এম ইকবাল আর্সলান: যাওয়ার অনেকগুলো কারণ আছে। এগুলোর অন্যতম কারণ হলো চিকিৎসক, প্রকৌশলীসহ যাঁরা বিষয়ভিত্তিক ক্যাডারের চাকরিতে প্রবেশ করেন, তাঁদের পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা তুলনামূলক কম। যেমন বিসিএস পরীক্ষা দিয়ে যদি কেউ স্বাস্থ্য, কৃষি বা প্রকৌশল ক্যাডারের চাকরিতে প্রবেশ করেন, তাঁদের পদোন্নতির সুযোগ কম। কিন্তু প্রশাসনসহ অন্য কিছু ক্যাডারে দ্রুত পদোন্নয়ন পেয়ে শীর্ষ পর্যায়ের পদে বা কাছাকাছি পর্যায়ের পদে চলে যাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, মেডিকেল কর্মকর্তা হিসেবে একই বিসিএসে প্রবেশ করে অনেক চিকিৎসক যখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদে থাকেন, তখন তাঁরই সঙ্গে যোগ দেওয়া অন্য ক্যাডারের কেউ কেউ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের পদে চলে যাচ্ছেন। এসব হতাশা তৈরি করে, তা চিকিৎসকদের অন্যান্য ক্যাডারে ধাবিত হতে অনুপ্রাণিত করে।

প্রশ্ন :

প্রথম আলো: তাহলে এই পরিস্থিতিতে আপনার পরামর্শ কী?

এম ইকবাল আর্সলান: আমার পরামর্শ হলো, এ বিষয়ে সরকারকেই সার্বিকভাবে বিবেচনা করতে হবে। প্রথমত, চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রয়োজন ও নিয়ন্ত্রণের হিসাব থাকতে হবে। চিকিৎসক তৈরি করা হচ্ছে কিন্তু তাঁদের কি সেই সুযোগ আছে? প্রয়োজনহীন ও নিয়ন্ত্রণহীনভাবে চিকিৎসক তৈরি করতে থাকলে এবং পেশায় ভাগ্যোন্নয়নের সুযোগ না থাকলে, যেখানে ভাগ্যোন্নয়নের সুযোগ দেখা যাবে, সেখানেই সুযোগ গ্রহণ করতে চাইবেন। এটিই স্বাভাবিক। তাই এসব বিষয়ে ভারসাম্য রাখার ব্যবস্থা করতে হবে।