দুদকের মামলা থেকে খালাস পেলেন ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম
নির্ধারিত সময়ে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা থেকে খালাস পেয়েছেন বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালাম।
ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার আবদুস সালামকে খালাস দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার আরিফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুস সালামকে ২০১৬ সালের ৩ নভেম্বর সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দেয় দুদক। আইন অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে বিবরণী দাখিলের কথা ছিল। কিন্তু একাধিবার সময় নিয়েও তিনি সম্পদ বিরবণী জমা দেননি। ২০১৭ সালের ৮ জানুয়ারি সেই সময়ও শেষ হয়।
পরে ২০১৭ সালের ১৩ এপ্রিল দুদকের তৎকালীন উপপরিচালক মো. সামছুল আলম রমনা মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আবদুস সালামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদা। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় দিলেন আদালত।