২০ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের মামলায় বিএনপি নেতা আসলামের বিচার শুরু
চেক প্রত্যাখ্যানের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। আজ বুধবার সপ্তম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শহীদুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী।
২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি নিজের প্রতিষ্ঠান সেভেন বি অ্যাসোসিয়েটসের নামে ট্রাস্ট ব্যাংক নগর সিডিএ অ্যাভিনিউ শাখায় একটি চেক দেন আসলাম চৌধুরী। ওই দিনই এটি প্রত্যাখ্যাত হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে আইনি নোটিশ দেয়। কিন্তু নোটিশের কোনো উত্তর না পাওয়ায় একই বছরের ৩১ মে ট্রাস্ট ব্যাংকের সিডিএ অ্যাভিনিউ শাখার প্রিন্সিপাল অফিসার মঈন উল হাসান বাদী হয়ে মামলা করেন। এতে ২০ কোটি ৪ লাখ ৫৮ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগ আনা হয়।
আজ আসলাম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবী মামলা থেকে তাঁর মক্কেলকে অব্যাহতির আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় তাঁকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ২৬ মে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয় গুলশান থানায়। এ মামলায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়।
পরে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান।