কুয়েট উপাচার্যের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি ঢাবি সাদা দলের

বিবৃতিপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

উপাচার্য মুহাম্মদ মাছুদকে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ জানিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার।

বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, গত মঙ্গলবার একদল উত্তেজিত শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করেন। একপর্যায়ে এই উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। হামলাকারীরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম এবং একটি গোপন সংগঠনের সঙ্গে যুক্ত।

বিবৃতিতে বলা হয়, দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী একটি চক্র কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি।

এমন অবস্থায় সাদা দলের নেতারা কুয়েট উপাচার্যের ওপর সহিংস আক্রমণের সুষ্ঠু তদন্ত এবং সেই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।