হাসপাতালে ভর্তি হলেন আরও ৩১০ ডেঙ্গু রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে
ফাইল ছবি: প্রথম আলো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে আরও ৩১০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে আর চলতি মাসের দুই সপ্তাহে (আজ শুক্রবার সকাল পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে সাত হাজার জন। চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৫৯২ জন।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এই সংখ্যা পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯৭ জন এবং দেশের অন্যান্য জেলার হাসপাতালে ১১৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৩ জন ডেঙ্গুতে মারা গেছেন। এঁদের মধ্যে ঢাকায় মারা গেছে ৪৫ জন। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৩৮ জন। চলতি মাসে মৃত্যু হয়েছে ২৮ জনের। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছরে এখন পর্যন্ত ২০ হাজার ৭৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯১৬ জন। দেশের বিভিন্ন সরকারি জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৯৯ জন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।