সাবেক মেয়র জাহাঙ্গীরের করা রিটের ওপর রায় পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিটের ওপর রায় ঘোষণা পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ৪ এপ্রিল রায়ের তারিখ ধার্য রেখেছেন।

সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীরের করা রিটের শুনানি নিয়ে গত বছরের ২৩ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। শুনানি নিয়ে গত মঙ্গলবার (২৮ মার্চ) আদালত রায়ের জন্য ৩০ মার্চ দিন রাখেন। এ অনুসারে আজ বিষয়টি কার্যতালিকায় ওঠে।  

আজ আদালতে জাহাঙ্গীরের পক্ষে আইনজীবী এম কে রহমান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে জবাব দাখিলের জন্য সময় চাওয়া হয়। আদালত অধিকতর শুনানি ও রায়ের জন্য ৪ এপ্রিল দিন রেখেছেন।

আরও পড়ুন

এর আগে বিভিন্ন অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে দর দেওয়ার অনুরোধসংক্রান্ত (আরএফকিউ) দরপত্রে অনিয়ম, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতিবছর হাটবাজার ইজারার টাকা যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগ উত্থাপিত হয়েছে। এ ছাড়া ভূমি দখল ও ক্ষতিপূরণ ছাড়া রাস্তা প্রশস্তকরণসংক্রান্ত অভিযোগের বিষয়ে সিটি করপোরেশনের মতামত জানতে চাওয়া হলেও কোনো মতামত দেননি।

পরে তাঁকে বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গত বছরের ১৪ আগস্ট জাহাঙ্গীর রিটটি করেন।

আরও পড়ুন