১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো ২০-২২ ফেব্রুয়ারি

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ১৩তম আন্তর্জাতিক পোলট্রি সেমিনার ও ১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো সম্পর্কে সভার আয়োজন করা হয়ছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ১৮-১৯ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম আন্তর্জাতিক পোলট্রি সেমিনার। আর ২০-২২ ফেব্রুয়ারি পূর্বাচলে অনুষ্ঠিত হবে ‘১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো’। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ওয়ার্ল্ড’স পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি মসিউর রহমান।

মসিউর বলেন, ‘বর্তমানে আমাদের দেশে প্রতিদিন গড়ে সাড়ে ৪ কোটি ডিম, সপ্তাহে ২ কোটি এক দিন বয়সী মুরগির বাচ্চা এবং বছরে ৭৫-৮০ লাখ মেট্রিক টন ফিড উৎপাদিত হচ্ছে, যা মাত্র তিন দশক আগেও ছিল কল্পনাতীত। সরকার ২০৪১ সাল নাগাদ বছরে মাথাপিছু ডিমের প্রাপ্যতা ২০৮টি, দুধের দৈনিক প্রাপ্যতা ৩০০ মিলিলিটার এবং মাংসের দৈনিক প্রাপ্যতা ১৬০ গ্রামে উন্নীত করতে চায়; অর্থাৎ বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ উৎপাদন বাড়াতে হবে। পোলট্রি বিজ্ঞান সম্পর্কে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমাদের এবারের আয়োজনের লক্ষ্যই হচ্ছে সেই সক্ষমতা অর্জনে বাংলাদেশ ও বাংলাদেশের খামারিদের সাহায্য করা। বলা বাহুল্য, বাংলাদেশে আধুনিক পোলট্রিশিল্পের যাত্রা শুরু হয়েছিল ওয়াপসা-বিবি আয়োজিত আন্তর্জাতিক পোলট্রি শোর হাত ধরে।’ ১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার সফল করতে গণমাধ্যমকর্মীদের সহায়তা চান তিনি।

ওয়াপসা বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার প্রামাণিক বলেন, ‘যেকোনো কিছু খেলেই হবে না, খাদ্যকে অবশ্যই স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হতে হবে। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মধ্যম আয়ের, এ কারণে ডিম কিংবা মুরগির মাংস কীভাবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা যায়, এ লক্ষ্যে অবিরাম কাজ করছে ওয়াপসা বাংলাদেশ শাখা।’

মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনার মিডিয়া সাবকমিটির সদস্যসচিব বিশ্বজিৎ রায়। বিজ্ঞপ্তি