প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের কয়েকটি পরিবার সাক্ষাৎ করেছেন। যমুনা, ঢাকা। ৯ ফেব্রুয়ারিছবি: পিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের কয়েকটি পরিবার। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা বৈঠকে শহীদ পরিবারের সদস্যদের প্রত্যাশার কথা শুনেছেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সারজিস আলম।

স্মারক ডাকটিকিট অবমুক্ত

‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের ডেটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা এই ডাকটিকিট অবমুক্ত করেন।

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রিত করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীরা যে ভূমিকা রেখেছেন, এতে তা তুলে ধরা হয়েছে।

আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে অনুষ্ঠেয় ‘বিশ্ব সরকার সম্মেলন ২০২৫’-এ যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রফিকুল আলম বলেন, ‘শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পাবেন।’ প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানান তিনি।