এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ, কমেছে গ্যাসের সরবরাহ

গ্যাসের চুলাফাইল ছবি

দেশে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রূপান্তর করে সরবরাহ করতে কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে একটি টার্মিনালে আজ শনিবার দুপুরে মেরামত ও রক্ষণাবেক্ষণকাজ শুরু হয়েছে।

এতে এলএনজি সরবরাহ কমায় সারা দেশে গ্যাসের সরবরাহ কমেছে। অনেক এলাকায় রান্নার চুলা জ্বালাতে সমস্যা হতে পারে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, দেশে এমনিতেই দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এর মধ্যে দুটি টার্মিনাল মিলে ৯৫ থেকে ১০০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছিল। আজ রক্ষণাবেক্ষণকাজের জন্য ১০ কোটি ঘনফুট কমিয়ে ৮৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। আজ রাতেই আবার সরবরাহ বাড়বে।

গ্যাসের সরবরাহ কমায় গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এতে বলা হয়, একটি ভাসমান টার্মিনাল জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য এলএনজি থেকে গ্যাসের সরবরাহ কমেছে। ফলে শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাসের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাসের চাপ কমতে পারে।