পুলিশের দুই রেঞ্জে নতুন ডিআইজি, চার জেলার এসপি বদলি
পুলিশের রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) দেওয়া হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়া, পঞ্চগড়, নারায়ণগঞ্জ ও খুলনার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ ছাড়া বাকি তিন জেলায় নতুন এসপি দেওয়া হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৪টি প্রজ্ঞাপনে মোট ২৩ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।
রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে। আর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। তাঁর স্থলে পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।