প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম: গ্রেপ্তার মহিবুল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

রিমান্ড শুনানি শেষে মহিবুল্লাহ মুবিনকে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আজ সোমবার ঢাকার আদালত প্রাঙ্গণেছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রমের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মো. মহিবুল্লাহ মুবিনের (২৯) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর তেজগাঁও থানার এই মামলায় গ্রেপ্তার মহিবুল্লাহকে আজ আদালতে হাজির করা হয়। মামলায় তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান। তিনি এই মামলার তদন্ত কর্মকর্তা।

উভয়পক্ষের শুনানি নিয়ে মহিবুল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন

রিমান্ড আবেদনে বলা হয়, ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তেজগাঁও থানা এলাকার মনিপুরীপাড়ার কেআইবি মিলনায়তনের সামনের সড়ক থেকে মহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এই মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ছিল। মহিবুল্লাহ অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে যোগসাজশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করার আগে তাঁর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা, আলোচনা সভা বানচালসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে মহিবুল্লাহ ঘটনাস্থলে অবস্থান করেন। তিনি একপর্যায়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করেন। মহিবুল্লাহ তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে অবস্থান করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে মহিবুল্লাহকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।