শিগগির ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব নিতে ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ শুক্রবার দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তাঁর নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করেন।
আজ সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগির ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন।
আজ সন্ধ্যায় কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ মাসের কোনো এক সময়ে দিল্লি থেকে দীনেশ ত্রিবেদীর ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৫৫ বছরে দুই দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।