বিচারক বললেন, আসামি জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামফাইল ছবি

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। জামিন শুনানিতে গাজী নজরুল ইসলামকে হাজির করা হয়নি। তিনি কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

গাজী নজরুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবী মাহবুবুর রহমান আদালতে জামিনের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত বলেন, আসামি (গাজী নজরুল) বয়স্ক। ভিকটিম (ভুক্তভোগী নারী) অতি অল্প বয়স্ক। আসামির হেফাজতে থাকা অবস্থায় ভিকটিম আত্মহত্যা করেছেন। এ মামলায় আসামি জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আসামির জামিন নামঞ্জুর করা হলো।

আরও পড়ুন

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতেই গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সেদিন রাতেই মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় গাজী নজরুল, তাঁর স্ত্রী মাকসুদা ও নিহত নারীর মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। এ মামলায় তিন আসামিকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়। পরে মাকসুদা জামিন পান। গাজী নজরুল ইসলাম ও ওবায়দুর কারাগারে আছেন।

আরও পড়ুন