জুলাই গণ–অভ্যুত্থানের সময় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আদেশ শুনে মাসুদ উদ্দিন বলেন, ‘আল্লাহ বিচার করবে।’
মামলার তদন্ত কর্মকর্তা কফিল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেন আদালত। রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মামলায় মাসুদ উদ্দিনের জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোসহ নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় ৩ দফায় মোট ১৪ দিনের রিমান্ডে ছিলেন মাসুদ উদ্দিন।
তৃতীয় দফার রিমান্ড শেষে আজ মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো এবং সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আজ বেলা একটার দিকে মাথায় হেলমেট ও হাতকড়া পরিয়ে মাসুদ উদ্দিনকে আদালতে হাজির করা হয়। প্রথমে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে তাঁর গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
শুনানিতে মাসুদ উদ্দিন বলেন, ‘এই মামলার বিষয়ে আমার সামান্যতম ধারণা নাই।’ পরে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এরপর মাসুদ উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে রিমান্ড শুনানির জন্য হাজির করা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে একজন আইনজীবীর সঙ্গে মাসুদ উদ্দিনকে কথা বলতে দেখা যায়। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কিছুই জানি না। বিচারকেরা তো আল্লাহর প্রতিনিধি। উনারা বিচার করতেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে ওই আইনজীবী বলেন, ‘আমি ওনার আইনজীবী নই। বাড়ির পাশে বাড়ি, তাই দেখা করতে এসেছি।’
এরপর বেলা সোয়া একটার দিকে শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। তবে এ সময়ও আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত চার দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরের ফলপট্টিতে হামলা চালিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এই মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।