একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে পরিপত্র জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে সেটি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর এ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা গড়ে ওঠার সম্ভাবনা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এটি দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত করতে পারে। বিশেষত ভূমি ব্যবস্থাপনার মতো জনগুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রমে নিয়মিত পদায়ন বা রোটেশনের মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা সমীচীন।

সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে উল্লেখ করে পরিপত্রে বলা হয়, এ পরিপ্রেক্ষিতে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এবং কর্মকাল উল্লেখ করে একটি হালনাগাদ তালিকা প্রস্তুত করতে বলা হয়। এরপর তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়।

তবে কোনো কর্মকর্তা-কর্মচারীকে তিন বছর পূর্ণ হওয়ার আগে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলির প্রয়োজন হলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।