জেলা প্রশাসক সম্মেলন শুরু ৩ মে

বাংলাদেশ সরকারের লোগো

চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামী ৩ মে। চলবে ৬ মে পর্যন্ত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনের এ সম্মেলন উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর কার্য–অধিবেশন হতো ওসমানী স্মৃতি মিলনায়তনে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, সচিব, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানিয়ে একটি চিঠি দিয়েছে।

চিঠিতে সম্মেলনের তারিখ উল্লেখ করে বলা হয়েছে, সম্মেলন চলাকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবেরা উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন। এ জন্য পূর্বপ্রস্তুতি নিতেও বলা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি হতে যাচ্ছে প্রথম জেলা প্রশাসক সম্মেলন।

প্রতিবছর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ডিসি ও কমিশনারদের নিয়ে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলনের তত্ত্বাবধান করে।

এ সম্মেলনে মন্ত্রী-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়। ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। সরকারের নীতিনির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য বিষয়ে মাঠপর্যায়ে বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন। এ জন্য ডিসি সম্মেলন এবং সম্মেলনে ডিসিদের দেওয়া প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।