রমনার বটমূলে হয়েছে মঞ্চ বাঁধা। গানের মহড়া তো চলছে আরও মাস দুয়েক আগে থেকেই। আসন্ন পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানের প্রস্তুতির কথা জানাতে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনও হয়ে গেল ছায়ানটের আয়োজনে তাদের ধানমন্ডির সংস্কৃতি ভবন মিলনায়তনে। ১৪৩০ বঙ্গাব্দের প্রভাতে নির্ভয়ে গান ধরবেন ছায়ানটের শতাধিক খুদে ও বড় শিল্পীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমদ লিসা। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘ধর নির্ভয় গান।’
বরাবরের মতোই সূর্যোদয়ের সময় ভোর ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে সারেঙ্গিতে ভোরের রাগ আহীর ভৈরবের সঙ্গে তবলা লহরা দিয়ে। প্রায় আট মিনিটের এই পরিবেশনার পর শুরু হবে গানের পালা। এবার সম্মেলক গান থাকবে ১০টি। এর মধ্য ৪টি গানে গলা মেলাবে খুদেরা, বড়রা ৪টিতে এবং ২টি গান গাইবেন সবাই মিলে। এর ফাঁকে ফাঁকে বিশিষ্ট শিল্পীদের একক কণ্ঠে থাকবে ১১টি গান, আর ২টি আবৃত্তি। এবার কোনো পাঠপর্ব থাকবে না।
লিখিত বক্তব্যে জানানো হলো, এবারের গানগুলো সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম, আত্মবোধন আর জাগরণের সুরবাণী দিয়ে। প্রায় দুই ঘণ্টার এই অনুষ্ঠান বটমূল থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া ছায়ানটের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে (www.chhayanaut.com/digitalplatformchhayanaut) ।
পয়লা বৈশাখের অনুষ্ঠানের সাংস্কৃতিক তাৎপর্য ও এর আর্থিক দিক তুলে ধরে ছায়ানটের সহসভাপতি অর্থনীতিবিদ আতিউর রহমান বলেন, ‘বাঙালির জীবনে বর্ষবরণের তাৎপর্য সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের জীবনে অনেক বৈষম্য অনেক ভারসাম্যহীনতা আছে। সংগীত সমাজে ভারসাম্য নিয়ে আসে। আমরা একে–অন্যের পাশে দাঁড়াই। হতাশাকে পরিত্যাগ করে নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত হই। সব শ্রেণির মানুষ এই উৎসবে অংশ গ্রহণ করে। এবারেও আমরা সবাই এক ঐক্যের সংস্কৃতির মোহনায় আসব।’
পয়লা বৈশাখকে কেন্দ্র করে সারা দেশে যে কেনাকাটা হয়, সেই অর্থনীতিও ক্রমেই প্রসারিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোভিডের আগে ২০১৯ সালের এক জরিপে বলা হয়েছিল, সে বছর ১৫ হাজার কোটি টাকার কেনাবেচা হয়েছিল। এই বাজার প্রতিবছর ২০ শতাংশ হারে বাড়ছে। সেই অনুসারে বলা যায়, এবার বেচাকেনা ২৫ হাজার কোটি টাকার কম হবে না। তিনি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ‘এত বড় ক্ষতির পরও তাঁরা ভেঙে পড়েননি। পোড়া মার্কেটের সামনে চৌকি পেতে পসরা সাজিয়ে বসেছেন। এই হলো বাঙালির হার না মানা লড়াকু মানসিকতার পরিচয়। এই সাহসিকতা, এই আত্মশক্তি নিয়েই সব হতাশা কাটিয়ে নববর্ষের প্রভাতে আমরা কল্যাণের পথে অগ্রগামী হব।’
ছায়ানটের পয়লা বৈশাখের অনুষ্ঠানের ইতিহাস তুলে ধরেন সংগঠনের সহসভাপতি সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। তিনি বলেন, ১৯৬৭ সালে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে পয়লা বৈশাখের যে প্রভাতি অনুষ্ঠান শুরু হয়েছিল, তা কেবল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এবং কোভিড অতিমারির কারণে গত ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত হয়নি। তবে কোভিডের সময় ঘরোয়াভাবে সংক্ষিপ্ত আয়োজন হয়েছে। প্রকৃতির সান্নিধ্যে সবাইকে নিয়ে নতুন বছরে শুরুতে অনুষ্ঠান করার যে রীতি ছায়ানট প্রতিষ্ঠিত করেছে, তা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে পৌঁছে দিয়েছে। সংস্কৃতি শুভ বোধ জাগ্রত করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছায়ানটের যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়। পরে মহড়ায় অংশ নেওয়া শিল্পীরা পয়লা বৈশাখে সম্মেলক কণ্ঠে যেসব গান হবে, তার দুটি গান ‘এই আমারই বাংলাদেশ’ ও ‘গ্রামের নওজোয়ান’ গেয়ে শোনান।