বাফলার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) নবনির্বাচিত (২০২৬–২০২৮) ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের বাফলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লস অ্যাঞ্জেলসের ২৯টি সংগঠনের সমন্বয়ে ২০১০ সালে বাফলা ফেডারেশনের যাত্রা শুরু হয় প্রবাসী বাংলাদেশিদের একত্র করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদ্য বিদায়ী ক্যাবিনেট, নির্বাচন কমিশনের সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ার রুবিনা নাজিব নবনির্বাচিত ক্যাবিনেটকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে সভাপতি ইলিয়াস এম শিকদার এবং সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুলের নেতৃত্বে বাফলার নতুন ক্যাবিনেটের (২০২৬–২০২৮) আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা হচ্ছেন সহসভাপতি দাউদ বাফাতিয়া, ফাইন্যান্স সেক্রেটারি রাসেল মাহমুদ জুয়েল, অর্গানাজিং সেক্রেটারি খোরশেদ আলম রতন, পাবলিক রিলেশন অফিসার মাসুক আল হোসাইন এবং কালচারাল সেক্রেটারি সায়লা রুমি।
সভাপতি ইলিয়াস এম শিকদার তাঁর বক্তব্যে প্রথমেই সদ্য বিদায়ী ক্যাবিনেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাফলা দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তিনি ব্যক্তিগত বা গোষ্ঠীগত অবস্থানের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে ফেডারেশনকে আরও শক্তিশালী, কার্যকর ও গতিশীল ফেডারেশনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুল বলেন, বাংলাদেশ ডে প্যারেড উদ্যাপনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে নতুন ক্যাবিনেট সক্রিয় ভূমিকা পালন করবে। ক্যাবিনেটের অন্য সদস্যরা কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সদ্য বিদায়ী ক্যাবিনেটের নেতারা নবনির্বাচিত ক্যাবিনেটকে ফুল দিয়ে অভিনন্দিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নবগঠিত বাফলা ক্যাবিনেট লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির স্বার্থ, ঐক্য, সম্প্রীতি ও সার্বিক কল্যাণে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।