‘এখনো চোরাচালান চলছে...আমাদেরই কেউ না কেউ এর সঙ্গে জড়িত’
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবার মানোন্নয়নে কল সেন্টার চালু করতে যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। এ ছাড়া শিগগিরই বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থা ও বাহিনীর সদস্যদের জন্য নিদিষ্ট পোশাক (ইউনিফর্ম) চালু করা হবে।
বিমানবন্দরের কনকোর্স হলে আজ রোববার আয়োজিত এক গণশুনানিতে এসব তথ্য জানানো হয়। তথ্যগুলো জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে গণশুনানিটির আয়োজন করা হয়েছিল।
গণশুনানিতে জানানো হয়, কলসেন্টারটি ২৪ ঘণ্টা চালু থাকবে। এর মাধ্যমে যাত্রীদের পাশাপাশি সাধারণ জনগণও বিমানবন্দর–সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং যেকোনো সেবা নিয়ে যাত্রীরা অভিযোগও করতে পারবেন।
গণশুনানিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, হটলাইনের মাধ্যমে যেকোনো যাত্রী বা ব্যক্তি যেকোনো জায়গা থেকে বিমানবন্দরের সেবা নিয়ে অভিযোগ বা মতামত জানাতে পারবেন। যে ধরনের অভিযোগই আসুক না কেন, তা সমাধান করা হবে।
বিমানবন্দর দিয়ে চোরাচালান বন্ধে বেবিচকের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে মফিদুর রহমান বলেন, ‘এখনো চোরাচালান চলছে, এটি দুঃখজনক। আমরা এখনো সোনা চোরাচালান বন্ধ করতে পারিনি। আমাদেরই কেউ না কেউ এর সঙ্গে জড়িত।’ চোরাচালান–সংক্রান্ত আগাম কোনো তথ্য থাকলে তা তিনি বেবিচককে জানানোর অনুরোধ করেন।
গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে বিদেশফেরত যাত্রীদের হয়রানির শিকার হয়েছেন—সাম্প্রতিক এমন দুটি ঘটনার উদাহরণ টেনে এ ব্যাপারে বেবিচকের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গণশুনানিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বিমানবন্দরে ২৪টি সরকারি প্রতিষ্ঠান ও ৩৩টি এয়ারলাইনস কাজ করছে। যাত্রীরা সাধারণত কোনো সমস্যায় পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন। হটলাইন চালু হলে যাত্রীদের ফোন নম্বরে ওই অভিযোগের ভিত্তিতে একটি টিকিট তৈরি হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ওই অভিযোগের টিকিট দুই থেকে তিন দিনের মধ্যে নিষ্পন্ন করা হবে। সবার জবাবদিহি নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।’
চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক হাজার যাত্রী তাঁদের লাগেজ পাচ্ছেন না, এমন অভিযোগের ব্যাপারে গণশুনানিতে বেবিচকের চেয়ারম্যান বলেন, ‘সময়মতো যাত্রীর লাগেজ পাওয়া নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মাঝেমধ্যে কিছুটা ব্যত্যয় ঘটে। যেসব উড়োজাহাজ সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ আসছে, তাদের লিখিতভাবে জানানো হয়েছে। ছোট আকারের উড়োজাহাজের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি হয়। কোনো এয়ারলাইনসকেই ছাড় দেওয়া হবে না।’ এ ছাড়া বিমানবন্দরে যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে এখানে কাজ করা সরকারি সব প্রতিষ্ঠানের সদস্যদের জন্য একই ধরনের ইউনিফর্ম চালু করা হবে বলে তিনি জানান।
গণশুনানিতে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, সদস্য (প্রশাসন) মো. মাহবুব আলম তালুকদার, সদস্য (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী, প্রধান প্রকৌশলী মো. আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।