নতুন ব্যবস্থায় মিনিট কয়েকের মধ্যে টিকিট পেয়ে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রেলস্টেশনে এনআইডির মাধ্যমে টিকিট কেটেছেন এক যাত্রী
ছবি: প্রথম আলো

চাঁদপুরের বাসিন্দা মো. রুহল আমিন চাকরিসূত্রে চট্টগ্রামে থাকেন। পারিবারিক কাজসহ বিভিন্ন কারণে তাঁকে প্রায়ই গ্রামের বাড়িতে যেতে হয়। তিনি ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনলাইনে টিকিট না পাওয়া, রেলস্টেশন গিয়ে কাউন্টারের সামনে সারিতে দীর্ঘ সময় ধরে অপেক্ষাসহ নানা ঝক্কিঝামেলার অভিজ্ঞতা আছে তাঁর। তবে আজ বুধবার তাঁর একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা হলো। মাত্র মিনিট কয়েকের মধ্যে কাউন্টার থেকে টিকিট পেয়ে যান তিনি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ ছাড়া ট্রেনের টিকিট নয়—এ ব্যবস্থা আজ থেকে শুরু হয়েছে। শুরুর দিনে রুহুল আমিনের মতো অনেকেই স্বস্তিতে ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন। তবে টিকিট পেতে বেশি সময় না লাগলেও নিবন্ধন করতে যাত্রীদের আধা ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়েছে। আবার এ পদ্ধতি আজ থেকে চালু হওয়ার কথা অনেকের জানা ছিল না। এ কারণে তাঁরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ছাড়াই রেলস্টেশন কাউন্টারে চলে এসেছিলেন। পরে টিকিট না পেয়ে তাঁদের ফিরে যেতে হয়।

আরও পড়ুন

দ্রুত সময়ের মধ্যে টিকিট পাওয়ায় স্বস্তি প্রকাশ করে রুহুল আমিন বলেন, এ পদ্ধতি চালু হওয়ায় ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি কমে যাবে। কেউ চাইলেও ইচ্ছেমতো টিকিট নিতে পারবেন না। আগে টিকিট পেতে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হতো। এমনও হয়েছে, অপেক্ষা করেও টিকিট পাওয়া যেত না। তখন বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে টিকিট নিতে হতো।

রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে, এনআইডি বা জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট কাটতে হবে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যবস্থাকে ‘টিকিট যার ভ্রমণ তার’ বলছে রেলওয়ে। টিকিট কালোবাজারি বন্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের অংশ এটি।

যাত্রীরা এনআইডি বা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে নতুন ব্যবস্থায় নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। দেশের বিভাগীয় শহরের রেলস্টেশন ও আন্তনগর ট্রেনের প্রারম্ভিক স্টেশনগুলোয় সর্বসাধারণের নিবন্ধনপ্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারগুলোর সামনে অন্যান্য দিনের তুলনায় ভিড় কম। যাত্রীরা অল্প সময়ের মধ্যেই টিকিট সংগ্রহ করতে পারছিলেন। প্রত্যাশিত টিকিট পেয়ে যাত্রীদের স্বস্তি প্রকাশ করতে দেখা যায়। টিকিট সংগ্রহের আগে নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে নানা বয়সী লোকজন হেল্প ডেস্কে ভিড় করছিলেন। রেলের কর্মীরা তাঁদের সহযোগিতা করছিলেন। তবে নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে অনেককে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায়।

মো. ইউসুফ নামের এক বৃদ্ধ এসেছিলেন ঢাকার টিকিট কিনতে। কিন্তু তাঁর নিবন্ধন করা ছিল না। আবার নিবন্ধনপ্রক্রিয়ার বিষয়টি তিনি বুঝতেও পারছিলেন না। এ জন্য তিনি হেল্প ডেস্কের কর্মীদের সাহায্য নেন।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নিজেই নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করেন। আখাউড়া গন্তব্যের এই যাত্রী বলেন, ‘নতুন পদ্ধতিতে টিকিট পাওয়া সহজই মনে হয়েছে। টিকিটের জন্য বেশিক্ষণ সারিতে দাঁড়াতে হয়নি।’

দীপা মজুমদার নামের এক যাত্রী বলেন, টিকিট পেতে তাঁকেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তবে নিবন্ধনপ্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। এ পদ্ধতিতে টিকিট বিক্রির বিষয় যেভাবে প্রচার চালানো দরকার ছিল, তা হয়নি বলে মনে করেন তিনি।

নতুন পদ্ধতিতে টিকিট কেনার বিষয়টি জানা ছিল না পোশাক কারখানার কর্মী জোনাকি দাশের। তিনি এখনো জাতীয় পরিচয়পত্র পাননি। আবার জন্মনিবন্ধন সনদের ফটোকপিও সঙ্গে আনেননি। তাই তিনি স্টেশনে আসা সত্ত্বেও টিকিট সংগ্রহ করতে পারেননি। টিকিট না পেয়ে কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলেন জোনাকি। তিনি প্রথম আলোকে বলেন, ‘নতুন পদ্ধতির কথা স্টেশনে এসে শুনলাম। এখন ফেনী যেতে হবে। বাসে যেতে তো বেশি টাকা লাগবে।’

চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, নতুন পদ্ধতিতে মানুষ সহজেই টিকিট পাবেন। এতে কালোবাজারি বা অসদুপায়ে টিকিট সংগ্রহ বন্ধ হয়ে যাবে। তবে প্রথম প্রথম অনেকের বুঝতে সময় লাগবে। তাঁদের কাছে বিষয়টি ঝামেলার মনে হতে পারে। কিন্তু পরে ঠিক হয়ে যাবে।

রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, এ পদ্ধতি কার্যকর করতে যে পরিমাণ লোকবল দরকার, তা নেই। এখন কাউন্টারে যাচাই-বাছাইয়ের মাধ্যমে টিকিট বিক্রি করা যাচ্ছে। কিন্তু ট্রেনে সব কটি টিকিট যাচাই করা অনেক কঠিন হয়ে পড়বে।