আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমির খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খসরু মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন কাউন্টার কর্মসূচি দিচ্ছে। এই ধরনের কর্মসূচি দেওয়া ছাড়া তাদের এখন আর বিকল্প নেই। 

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চৌমুহনী মোড় থেকে অনুষ্ঠিত বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ দুই বেলা খেতে পারছে না। মুরগি এখন চার ভাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে। গরুর মাংস গ্রাম হিসাব করে বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগের যারা সম্পদ লুটপাট করেছে ,তাঁরা বাদে দেশের প্রায় সব মানুষ কষ্টে আছে। 

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগ প্রায়ই সংবিধানের কথা বলে। তাদের একটা কথা বলতে চাই, সংবিধান কী গুম খুন করতে বলেছে, অর্থনীতি ধ্বংস করতে বলেছে, লুটপাট করতে বলেছে, মানুষের অধিকার, ভোটাধিকার হরণ করতে বলেছে। সবকিছুতে তারা সংবিধান লঙ্ঘন করেছে। 

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না জানিয়ে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তাদের বিদায় নিতে হবে। 

ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সেকান্দর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও নাজিমুর রহমান এবং নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাসেম প্রমুখ। 

এদিকে চট্টগ্রামের বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রায় চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। 

নগরের বাকলিয়ার কালা মিয়া বাজারের একটি কমিউনিটি সেন্টারে সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহাদাত হোসেন।