হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, ঢাকায় ৩

হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির জন্য এনেছেন স্বজনেরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে। ঢাকা, ১৩ জুন ২০২৬ছবি: প্রথম আলো

হামের উপসর্গে নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৫টি শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে আরও ৭৯৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাঁচ শিশুর মধ্যে তিনজনই ঢাকায় মারা গেছে। একজন রাজশাহীতে, আরেকজন মারা গেছে ময়মনসিংহে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৫৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। মোট মারা গেছে ৬৪৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৪ হাজার ৮৯৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ শিশু।

গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে মোট ১০ হাজার ২৪৮ শিশুর।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭২ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৫ হাজার ৮৫২টি শিশু বাড়ি ফিরেছে।