দেশে দেশে পার্লামেন্টে এমন বৈচিত্র্য আগে দেখা যায়নি

আইপিইউর প্রতিবেদনে দেখা যায়, পৃথিবীর প্রায় সব দেশের পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব রয়েছে। আগের বছরের তুলনায় এ হার ২% বেশি।

জাতীয় সংসদ ভবনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে এমন আর কোনো পার্লামেন্ট নেই, যেখানে শুধু পুরুষদের দেখা যায়। বিশ্বের প্রায় সব দেশের পার্লামেন্টে এখন নারী সদস্য রয়েছেন। পার্লামেন্টের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটল। পার্লামেন্টে নানা ধর্ম, বর্ণ, গোত্রের এমন বৈচিত্র্যময় নারী প্রতিনিধিত্ব আগে কখনো দেখা যায়নি। সংখ্যালঘু, কৃষ্ণাঙ্গ, সমকামী, ট্রান্সজেন্ডারসহ নানা বর্ণের নারী জনপ্রতিনিধির সংখ্যা বাড়ছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ‘উইমেন ইন পার্লামেন্ট ২০২২’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে নারী প্রতিনিধিদের বিষয়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ৩ মার্চ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

২০২২ সালে নির্বাচন হয়েছে, এমন ৪৭টি দেশের তথ্যের ভিত্তিতে আইপিইউ বার্ষিক এই প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়েছে, ওই সব নির্বাচনে নারীরা গড়ে প্রায় ২৬ শতাংশ আসনে জিতেছেন। পার্লামেন্টে জয়ের এই হার আগের মেয়াদের তুলনায় ২ শতাংশ বেশি।

প্রতিবেদনে পার্লামেন্টে নির্বাচিত নারী প্রতিনিধিদের হারের ওপর ভিত্তি করে ১৮৬টি দেশের অবস্থান তুলে ধরা হয়েছে। এতে বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৭ নম্বরে, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। বাংলাদেশে ৩৫০ আসনবিশিষ্ট সংসদে ৭৩ নারী সংসদ সদস্য রয়েছেন বলে উল্লেখ করা হয়। নারী প্রতিনিধিত্বের দিক দিয়ে এই হার প্রায় ২১ শতাংশ।

বাংলাদেশে ৩৫০ আসনের মধ্যে ৫০টি ‘সংরক্ষিত মহিলা আসন’। বাকি ৩০০ আসনে সরাসরি নির্বাচনে জয়ী হয়েছেন ২৩ নারী। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হয় না। জনগণের সরাসরি ভোটে ৩০০ আসনের মধ্যে কোনো রাজনৈতিক দল ও জোটের পাওয়া আসনের সংখ্যানুপাতিক হার অনুযায়ী কোন দল কতটি সংরক্ষিত আসন পাবে, তা নির্ধারিত হয়। দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যরা ভোট দিয়ে নিজ নিজ দলের সংরক্ষিত আসনের নারী সদস্যদের নির্বাচিত করেন।

* ২০২২ সালে ৪৭ দেশে নির্বাচনে ২৬ শতাংশ আসনে নারী জয়ী। * বাংলাদেশের পার্লামেন্টে নারী প্রতিনিধি ২১ শতাংশ। * দেশে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের তাগিদ বিশেষজ্ঞদের। * সংরক্ষিত কোটার কারণে অনেক দেশের পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব বেড়েছে। * সামগ্রিকভাবে বিশ্বে লিঙ্গসমতার পথে অগ্রগতি খুবই ধীর।

বর্তমান সংসদে সংরক্ষিত আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩, জাতীয় পার্টির ৪, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১, স্বতন্ত্র ১ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ জন নারী সংসদ সদস্য রয়েছেন। জাসদের আসনে বিএনপির নারী সংসদ সদস্য ছিলেন। তিনি গত বছরের ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। ওই আসনে চলতি বছরের ৬ মার্চ জাসদের প্রার্থী নির্বাচিত হন।

দেশে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে।

বাংলাদেশের পার্লামেন্টকে বিরল বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আইপিইউ প্রতিবেদনের বিষয়ে বলেন, বিশ্বজুড়ে কঠিন পথ পেরিয়ে নারীদের এগিয়ে আসতে হয়েছে। অনেকে দেশে নারীদের ভোটাধিকারও ছিল না। ভোটাধিকার ও সংসদে নারী প্রতিনিধিত্বের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। দেশের জন্মলগ্ন থেকে নারীর ভোটাধিকার রয়েছে। দেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, সংসদের উপনেতা—এই চারটি শীর্ষ পদে নারী। এটা পৃথিবীর অন্য কোনো সংসদে বিরল। নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংবিধানে সরাসরি ও সংসদ সদস্যদের মাধ্যমে সংরক্ষিত আসনে নারীদের নির্বাচিত করার সুযোগ রাখা হয়েছে।

সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে নারীনেত্রীদের দাবির বিষয়ে স্পিকার বলেন, ‘ভবিষ্যতে হয়তো এমন দিন আসবে, যখন সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না।’

দেশে দেশে পার্লামেন্টে বৈচিত্র্য বৃদ্ধি প্রসঙ্গে শিরীন শারমিন বলেন, বিশ্ব অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। প্রতিটি দেশের পার্লামেন্ট তাদের সমাজব্যবস্থা ও সংবিধান অনুসারে বৈচিত্র্যময় হোক।

দেশের সংসদে বৈচিত্র্য গৌণ, সুষ্ঠু নির্বাচন অনিশ্চয়তায়

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও ট্রাস্টি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেন, লিখিত প্রতিশ্রুতি থাকা বা দেখানোর জন্য হলেও পশ্চিমা গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলগুলো অতীতের তুলনায় নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে বৈচিত্র্য রাখার চেষ্টা করছে। দলগুলো সচেতনভাবেই নানা ধর্ম, বর্ণ, গোত্রের নারীদের মনোনয়ন দিচ্ছে। এ কারণে ওই সব দেশের পার্লামেন্টে দিন দিন বৈচিত্র্য বাড়ছে। বাংলাদেশে বৈচিত্র্য বলতে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের প্রতিনিধিত্ব রয়েছে।

আইপিইউ প্রতিবেদনে নারী প্রতিনিধিত্বের দিক দিয়ে বাংলাদেশের ১০৭ নম্বরে অবস্থান প্রসঙ্গে অধ্যাপক রওনক জাহান বলেন, ‘আমাদের এখানে অবস্থান নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সংরক্ষিত আসন ধরে নারী প্রতিনিধিত্ব বেড়েছে। সংরক্ষিত আসনে নারীরা সরাসরি নির্বাচিত হন না। কোটা থাকতে পারে, কিন্তু সেখানে সরাসরি নির্বাচন হওয়া উচিত।’

এক প্রশ্নের জবাবে অধ্যাপক রওনক জাহান বলেন, ‘নারী অধিকারকর্মীরা সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জোরালো দাবি করে আসছেন। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন থাকলে বিভিন্ন গ্রুপ আরও চাপ দিতে পারত। কিন্তু নিয়মিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা নিয়ে আমরা এত চিন্তায় আছি যে সংসদে বৈচিত্র্য রাখা ও সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি এখন গৌণ হয়ে গেছে। পর পর দুটি নির্বাচন সুষ্ঠু হয়নি। বড় দলগুলো কোনো সমঝোতায় পৌঁছায়নি বলে আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।’

বিশ্বে বেড়েছে কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার প্রতিনিধি

ব্রাজিলে বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ নারী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৬ হাজার ৭৭৮ প্রার্থীর মধ্যে কৃষ্ণাঙ্গ প্রার্থী ছিলেন ৪ হাজার ৮২৯ জন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভিন্ন ভিন্ন বর্ণের ২৬৩ নারী অংশ নিয়েছিলেন। কলম্বিয়ার কংগ্রেসে ট্রান্সজেন্ডার, সমকামীর সংখ্যা ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। ফ্রান্সের নতুন পার্লামেন্টে সংখ্যালঘু জনগোষ্ঠীর ৩২ নারী এবার নির্বাচিত হয়েছেন, যা মোট সদস্যের ৫ দশমিক ৮ শতাংশ। এযাবৎ ফ্রান্সের পার্লামেন্টে এটাই সর্বোচ্চ হার। বাহরাইনে নির্বাচনে নারীর অংশগ্রহণ বেড়েছে। দেশটির নিম্নকক্ষে ৩৩০ প্রার্থীর মধ্যে নারী ছিলেন ৭৩ জন। এর মধ্যে ৮ জন নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে ৪১ নারী পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন। এ ছাড়া ৪০ প্রতিনিধির উচ্চকক্ষে ১০ নারী রয়েছেন।

অস্ট্রেলিয়ায় নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ করা গেছে। অস্ট্রেলিয়ার উচ্চকক্ষ সিনেটে এ বছর প্রায় ৫৭ শতাংশ আসনে নারী প্রার্থী জয়ী হয়েছেন। জাপানের সিনেটে ঐতিহাসিকভাবে পুরুষ আধিপত্য। সেখানেও রেকর্ডসংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। জাপানের পার্লামেন্টে নিম্নকক্ষে ১০ শতাংশ এবং উচ্চকক্ষে প্রায় ২৬ শতাংশ নারীর প্রতিনিধিত্ব রয়েছে। বৈশ্বিকভাবে জাপানের অবস্থান ১৬৪তম।

প্রতিবেশী ভারতের চিত্র খুব বেশি উৎসাহব্যঞ্জক নয়। সেখানে উচ্চকক্ষে মাত্র ১৫ শতাংশ নারী প্রতিনিধি আছেন।

প্রতিবেদনে বলা হয়, সংরক্ষিত কোটার কারণে অনেক দেশের পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড মহামারির কারণে কারিগরি ও কার্যক্রম পরিচালনাসহ বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের ফলে পার্লামেন্ট আরও লিঙ্গ সংবেদনশীল ও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা বেড়েছে। এরপরও সামগ্রিকভাবে বিশ্বে লিঙ্গসমতার পথে অগ্রগতি দুঃখজনকভাবে খুবই ধীর। এ বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দেশের পার্লামেন্টে নারীর অংশগ্রহণ প্রায় ২৭ শতাংশ।

প্রতিবেদনে আইপিইউ ব্যুরো অব উইমেন এমপি’সের প্রেসিডেন্ট লেসিয়া ভাসিলেনকোর বক্তব্য তুলে ধরে বলা হয়, একজন নারী নির্বাচিত হওয়ার অর্থ তিনি পার্লামেন্টকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক করার পথে এগিয়ে নিলেন। এটা বেশ আনন্দের, ২০২২ সালে বিশ্বজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে অনেক বেশি বৈচিত্র্য দেখা গেছে। তবে সার্বিক অগ্রগতি খুবই ধীর। এখনো বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী কোনো প্রতিনিধিত্বের মধ্যে নেই। সব জায়গায় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে এ অবস্থার পরিবর্তন দরকার।

শীর্ষে রুয়ান্ডা

আইপিইউর প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত মাত্র ছয়টি দেশের নিম্ন বা একক কক্ষের পার্লামেন্টে নারী-পুরুষের হার সমান বা পুরুষের চেয়ে নারীর হার বেশি। এই দিক থেকে সবার ওপরে রুয়ান্ডা। দেশটির দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষে ৮০টি আসনের মধ্যে ৪৯ আসনে নারী নির্বাচিত হন। এই হার ৬১ শতাংশের বেশি। আর উচ্চকক্ষের ২৬ আসনের মধ্যে নারীদের দখলে আছে ৯টি, এই হার প্রায় ৩৫ শতাংশ।

নারীর প্রতিনিধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কিউবা। দেশটির এক কক্ষের পার্লামেন্টে ৫৮৬ আসনের মধ্যে নারী সংসদ সদস্য ৩১৩ জন, যা ৫৩ শতাংশের বেশি। এ ছাড়া প্রায় ৫২ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিয়ে নিকারাগুয়া তৃতীয়, নিম্ন ও উচ্চকক্ষে প্রায় ৫০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিয়ে মেক্সিকো চতুর্থ, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৫০ শতাংশ নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে।

তালিকায় ইরিত্রিয়া, হাইতি, তিউনিসিয়া ও ভেনেজুয়েলার নাম উল্লেখ থাকলেও এসব দেশ র‌্যাঙ্কিংয়ে কত নম্বরে, তা উল্লেখ করা হয়নি। এসব দেশ সম্পর্কে কেবল বলা হয়েছে, এই মুহূর্তে পার্লামেন্টের নারী সদস্যদের বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে না। সাধারণত নতুন নির্বাচন হলে এবং আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষায় থাকলে তখন কোনো দেশের তথ্য পাওয়া যায় না।

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নেপাল। বৈশ্বিকভাবে নেপালের অবস্থান ৫৪তম। নেপালের পার্লামেন্টে নিম্নকক্ষে ২৭৫ জনের মধ্যে নারী ৯১ এবং উচ্চকক্ষে ৫৮ জনের মধ্যে নারী ২২ জন। অর্থাৎ নিম্নকক্ষে নারীর প্রতিনিধিত্বের হার ৩৩ শতাংশ এবং উচ্চকক্ষে প্রায় ৩৮ শতাংশ। ২১ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

বৈশ্বিকভাবে ১১০তম অবস্থানে থাকা পাকিস্তানের দক্ষিণ এশিয়ায় অবস্থান তৃতীয়। বৈশ্বিকভাবে ১৩১তম এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থ ভুটান। ভারতের অবস্থান বিশ্বে ১৪০তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম। শ্রীলঙ্কা বৈশ্বিকভাবে ১৭৯তম ও দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ এবং মালদ্বীপ বৈশ্বিকভাবে ১৮০তম এবং দক্ষিণ এশিয়ায় সপ্তম। দক্ষিণ এশিয়ার আরেক দেশ আফগানিস্তানে পার্লামেন্টের কার্যকারিতা নেই উল্লেখ করে এটাকে প্রতিবেদনে ‘স্থগিত’ তালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া মিয়ানমার ও সুদান একই তালিকাভুক্ত।

যোগ্য নারীদের অংশগ্রহণ বৃদ্ধি দরকার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, বিশ্বের নানা দেশের পার্লামেন্টে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি ইতিবাচক। নারীর ক্ষমতায়ন নিয়ে সচেতনতা সৃষ্টির ফলে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠীর নারী প্রতিনিধিত্ব বাড়ছে।

বাংলাদেশ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, সংসদে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে এখনো নারীরা পিছিয়ে। এখন যেভাবে ৫০টি সংরক্ষিত আসন রয়েছে, তা অর্থহীন। সংরক্ষিত আসনে নারীরা যোগ্যতা নয়, দলীয় অনুকম্পার ভিত্তিতে প্রতিনিধি হয়ে থাকেন। নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নিবন্ধিত রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে এক–তৃতীয়াংশ নারী প্রতিনিধি রাখার বাধ্যবাধকতা থাকলেও কোনো দল তা মানে না।

সুজন সম্পাদকের মতে, সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য ঘূর্ণমান পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। এই পদ্ধতিতে ৩০০ আসনের মধ্যে ১০০ আসন নারীর সরাসরি নির্বাচনের জন্য এবং বাকি ২০০ আসন নারী–পুরুষ সবার জন্য রাখা যেতে পারে। পাঁচ বছর পর অন্য ১০০টি আসন এবং তার পরের মেয়াদে বাকি ১০০ আসনে সরাসরি নারীদের নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে। এতে তিন মেয়াদে প্রতিটি আসন একজন নির্বাচিত নারী সদস্য পাবে। এতে যোগ্য নারীরাই নির্বাচিত হবেন।