হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২
হাম ও হামের উপসর্গে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। তাদের মধ্যে হামে এক এবং হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৩২ জনের মৃত্যু হয়েছে।
সবশেষে মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রামে মৃত্যু হয়েছে একজনের, ময়মনসিংহে দুজনের ও সিলেটে তিনজনের আর নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি বরিশালের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ১২৬। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ১৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ হাজার ৮৩ শিশু।