যাঁরা অপরাধী তাঁদের প্রাপ্য সাজা পেতে হবে: নতুন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেন মো. আমিনুল ইসলামছবি: প্রথম আলো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, যাঁরা অপরাধী, তাঁদের প্রাপ্য সাজা পেতে হবে।

চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে আমিনুল ইসলাম এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘যাঁরা কোনো অন্যায় করেননি, তাঁরা কোনো হয়রানির শিকার হবেন না অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যাঁরা প্রকৃত অপরাধী, তাঁদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যাঁরা অপরাধী, তাঁদের প্রাপ্য সাজা তাঁদের পেতে হবে।’

আমিনুল ইসলাম আরও বলেন, ‘এই বিষয়ে আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে, আমি একইভাবে কাজ করব।’ নিজের দক্ষতা, মেধা, জ্ঞান প্রয়োগ করে আরও দক্ষভাবে মামলাগুলো পরিচালনার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।