বর্ষার আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ লাখের বেশি রোহিঙ্গার বোঝা বাংলাদেশের ওপর চেপে আছে
ফাইল ছবি: রয়টার্স

চীনের মধ্যস্থতায় পাইলট প্রকল্পের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা হয়েছে। মঙ্গলবার চীনের কুনমিংয়ে এ আলোচনায় মূলত বর্ষা মৌসুম শুরুর আগে প্রথম দফায় রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি প্রাধান্য পেয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীন সফররত পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ত্রিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন।

চলতি মাসের শুরুতে অনেকটা নীরবে ঢাকা সফর করেন চীনের বিশেষ দূত দেং সি জুন। তিনি ৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন তিনি। দেং সি জুনের ঢাকা সফরের ধারাবাহিকতায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত শনিবার চীন সফর করছেন। তবে চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীন আগামী বর্ষার আগে হাজার খানিক রোহিঙ্গাকে দিয়ে প্রত্যাবাসন শুরুতে জোর দিচ্ছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বেইজিং। তেমনি প্রাথমিক তালিকায় থাকা রোহিঙ্গাদের পরিবার থেকে বিচ্ছিন্ন না করা এবং একই জায়গায় যাতে নেওয়া হয় সে বিষয়টি নিশ্চিত করার কথা বলছে। ফলে এ বিষয়গুলো সুরাহা করে বর্ষার আগে তা শুরু করা যাবে কি না, সে প্রশ্নটি রয়ে গেছে।

আরেকটি সূত্র জানিয়েছে, পাইলট প্রকল্পের আওতায় যেসব রোহিঙ্গাকে রাখা হয়েছে, তারা দুই বছর আগে থেকেই জানেন তাঁদের রাখাইনে ফেরত পাঠানো হবে। ফলে মানসিকভাবে তাঁরা ফেরত যাওয়ার বিষয়ে তৈরি থাকলেও পরিবারের সদস্যদের বাদ দিয়ে তাঁরা ফিরে যাবেন কি না, সেটাই মুখ্য।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা শেষে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল (চীনের বিশেষ দূতের)। রোহিঙ্গারা কীভাবে তাড়াতাড়ি ফেরত যান, সে বিষয়ে আলোচনা হয়েছে। অবশ্যই পাঠানো (রোহিঙ্গাদের) নিয়ে আলাপ হয়েছিল। আমরা সব সময় আশাবাদী তাঁরা তাঁদের দেশে সসম্মানে ফেরত যাবেন। চীন অনেক দিন ধরে কাজ করছে। আমার বলা উচিত, ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সুন্দরভাবে মধ্যস্থতা করছে চীন।’

শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত বলা যায় না। কারণ এর আগে দুবার তারিখ দেওয়ার পর তা ভেস্তে গেছে। তবে আমরা আশা করি যে তারা দ্রুত ফিরে যাবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি পাইলট প্রকল্প নিয়ে দুই বছর ধরে কাজ চলছে। প্রাথমিকভাবে এক হাজারের বেশি রোহিঙ্গাকে পাঠানোর জন্য একটি তালিকা যাচাই-বাছাইয়ে কাজ হচ্ছে। ইতিমধ্যে মিয়ানমার থেকে একটি প্রতিনিধিদল বছরের শুরুতে কক্সবাজার পরিদর্শন করেছে এবং রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছে। এ ছাড়া গত মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ মোট ১১টি দেশের কূটনীতিকদের রাখাইনে রোহিঙ্গাদের জন্য নির্মিত বিভিন্ন অবকাঠামো ঘুরিয়ে দেখানো হয়।