সাক্ষাৎকার: আইনুন নিশাত

সরকারি সংস্থাগুলোই দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো:

সারা দেশে অসংখ্য সেতু, কালভার্টসহ নানা ধরনের অবকাঠামোতে নৌপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দায় কার?

আইনুন নিশাত: আমি প্রথমত দায়ী করব এলজিইডিকে (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)। দ্বিতীয়ত, পানি উন্নয়ন বোর্ডকে। তৃতীয়ত, সড়ক ও জনপথ অধিদপ্তরকে। তার সঙ্গে আমি বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন), স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট ইউনিট, অর্থাৎ ইউনিয়ন পরিষদকেও দায়ী করব। তারা কি লক্ষ করছে না যে সেতু-কালভার্ট নির্মাণ করে ৩০০ ফুট চওড়া একটা নদীকে ৩০–৪০ ফুটে নিয়ে আসা হয়েছে। তারা সেতুর নকশা করে শীতকালে নদীর অবস্থা ধরে। নকশা করতে হবে বর্ষাকালের নদী ধরে। শীতকালে যে নদীটা ৫০ ফুট প্রশস্ত, বর্ষাকালে সেটা ২০০ ফুট প্রশস্ত। কাজেই প্রশস্ততা কমালে নদীর সেডিমেন্ট ক্যারিং ক্যারেক্টারিস্টিক (পলি বহনকারী বৈশিষ্ট্য) বদলে যায়। নদীর উজান ভরাট হয়ে যায়।

আরও পড়ুন
প্রথম আলো:

এসব অপ্রশস্ত সেতু ও কালভার্টের কারণে নদীর কী ক্ষতি হচ্ছে? পানি ব্যবস্থাপনা ও জনজীবনে এটার কোনো প্রভাব আছে?

আইনুন নিশাত: আপনি ৫০০ ফুটের জায়গায় যদি ৩০০ ফুট করেন, তাহলে দুই পাশে ১০০ ফুট করে সংকোচন করে দিলেন। ২০০ ফুট যদি করেন, তাহলে ১৫০ ফুট করে সংকোচন করে দিলেন, তাই না? ফলে নদী আস্তে আস্তে মরে যায়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্ষাকালে নদীর যে ডিসচার্জ (পানিপ্রবাহ ক্ষমতা), সেটা আমরা চিন্তা করি না। আপনাকে উদাহরণ দিই, সাম্প্রতিককালে ফেনী ও কুমিল্লায় বন্যা হয়েছে; কিন্তু পানি নামে না। কারণ, গ্রামের রাস্তা এবং রাস্তাগুলোর কালভার্ট, সেতু এত ছোট যে পানি আটকে যায়।

আরেকটা অসুবিধা হচ্ছে, নদীগুলো বর্ষাকালের পানি পরিবহন করতে পারে না। গত বছর বর্ষা মৌসুমের পর কুমিল্লা অঞ্চলে, ফেনী অঞ্চলে যে বৃষ্টি হয়েছে, তা ধারণ করার মতো অবস্থায় আমাদের নদীগুলো নেই। কারণটা হচ্ছে নদী ভরাট হয়ে মরে গেছে। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। যশোর, খুলনা—এসব অঞ্চলে নদীর মৃত্যু হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। কাজেই পানি উন্নয়ন বোর্ড আপনাদের (প্রথম আলো) তথ্য দিয়েছে। আমার ধারণা, সব তথ্য পাননি। কিছু কিছু তথ্য হয়তো তারা দিয়েছে। নদীর পানি পরিবহনক্ষমতা কমে যাওয়ার জন্য প্লাবনভূমিতে বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে।

নির্মাণকারী সংস্থার বাইরেও এসব অপরিকল্পিত সেতুর জন্য পরিকল্পনা কমিশনও দায়ী। তাদের মাথায় আছে ব্যয় কত হলো? আমরা যদি আমি যথাযথভাবে সেতু বানাই, তাহলে খরচ বাড়বে। খরচ কমানোর জন্য তারা সেতুর দৈর্ঘ্য ছোট করে ফেলে। এসব সেতু নদীর মৃত্যু ঘটাচ্ছে।

প্রথম আলো:

এ ধরনের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সংস্থাগুলোর কোনো নির্দেশিকা আছে কি?

আইনুন নিশাত: আমাদের সব নির্দেশিকা আছে। এলজিইডির নির্দেশিকা চমৎকার। আশির দশকের দিকে এলজিইডিতে প্রধান প্রকৌশলী ছিলেন কামরুল ইসলাম সিদ্দিকী। তিনি অবকাঠামোর পরিকল্পনা ও পরিবেশগত নির্দেশিকা করেছিলেন। অনেক আগে থেকেই আমাদের সব আছে। আমাদের অ্যাকশন প্ল্যানের (কর্মপরিকল্পনা) কোনো অভাব নেই। তাদের বলব, দয়া করে নতুন ভাবে জুতা আবিষ্কার করবেন না। পুরোনো তথ্যগুলোকে একত্র করে কোনটা কাজ করছে, আর কোনটা করছে না, এটা বের করেন।

আরও পড়ুন
প্রথম আলো:

আপনি বলছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর অবস্থা আরও ভয়াবহ। সেখানে সেতু-কালভার্টের বাইরে বাঁধ, জলকপাট (স্লুইসগেট) ও রেগুলেটরের ভূমিকা কতটুকু?

আইনুন নিশাত: এখন আমার লজ্জা লাগে এই কথা বলতে যে আমাদের স্লুইসগেট, রেগুলেটরগুলোর নকশা করা হয়েছিল পাঁচ দশক আগে। তখন প্রকল্পের খরচ কমানোটা ছিল প্রধান উদ্দেশ্য। এখন তো সেটার প্রয়োজন নেই; কিন্তু ওই নকশা কেন বদলাবে না? কেন পরিবেশসম্মত নকশা হবে না? এ জন্য আমি মূলত দায়ী করছি পরিকল্পনা কমিশন ও পরিবেশ অধিদপ্তরকে।

আগে নদীর দুই পাশে কোনো এমব্যাংকমেন্ট (বাঁধ) ছিল না। এখন দুই পাশ এমব্যাংকমেন্ট করে আমরা নদীটাকে লিমিটেড (সংকুচিত) করে ফেলেছি। নদীর পানি যেটা উপচে পড়ে দুই পাশে যেত, কিংবা যে ছোট নদীটা এসে বড় নদীতে পড়ছে, তার মুখটা আমরা আটকে দিয়েছি স্লুইসগেট বানিয়ে, একটা রেগুলেটর বানিয়ে।

বর্ষার সময় নদীর পানি বাড়ে। তখন সেতুর তলা এবং নদীর পানির মধ্যে যথেষ্ট ক্লিয়ারেন্স (ব্যবধান) থাকতে হয়, যাতে নৌযান চলতে পারে। এখন যমুনা ও পদ্মা সেতু ছাড়া অন্য নদীর পুরো দৈর্ঘ্যে বড় নৌযান চলতে পারে না। যেমন বুড়িগঙ্গা ১ নম্বর সেতু ও ২ নম্বর সেতুর তলায় লঞ্চ চলে কিন্তু তারপর বছিলা সেতুর ওখানে আটকে যায়। দেশে আইন আছে; যে কতটা ক্লিয়ারেন্স থাকতে হবে। কে রাখছে? কারণ, এক মন্ত্রণালয়ের সঙ্গে আরেক মন্ত্রণালয়ের সম্পর্ক নেই।

প্রথম আলো:

এখন সমাধান কোন পথে হবে?

আইনুন নিশাত: নদীর প্রবাহ আটকে রাখা অবকাঠামোগুলো ভেঙে বড় করতে হবে। যেখানে যেখানে প্রবাহ এখনো আছে, সেখানে নদীটাকে পুনঃখনন করে তার ওপেনিংটা বাড়িয়ে দিতে হবে। সরকারের সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে যে নদীর প্রবাহ আটকে কোনো সেতু করা যাবে না। এটা যে সংস্থা মানবে না, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।