চট্টগ্রামে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে যাচ্ছে তেল
চট্টগ্রাম নগরের হালিশহরে রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে দুটি ওয়াগন থেকে প্রায় ৬০ হাজার লিটার তেল পড়ে গেছে। এসব তেল নালা থেকে খাল হয়ে কর্ণফুলী নদীতে মিশে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাতটায় এই দুর্ঘটনা ঘটে। নগরের গুপ্তখাল এলাকায় অবস্থিত বিভিন্ন তেল কোম্পানির (পদ্মা, মেঘনা ও যমুনা) ডিপো থেকে তেল ভর্তি করে ট্রেনটি সিজিপিওয়াইতে আসছিল। প্রবেশ করার মুহূর্তে লাইনচ্যুতির ঘটনা ঘটে।
রেলওয়ের কর্মকর্তার জানান, ট্রেনটিতে ১৬টি ওয়াগন ছিল। প্রতিটি ওয়াগনের তেল ধারণক্ষমতা ৩০ হাজার লিটার। এখন দুটি ওয়াগন থেকে প্রায় সব তেল পড়ে গেছে, অর্থাৎ ৬০ হাজার লিটার তেল নিচে পড়ে গেছে। বাকিটি থেকেও তেল পড়ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মুহাম্মদ ইমরান তেলবাহী ওয়াগনের লাইনচ্যুতির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি রাত পৌনে নয়টায় প্রথম আলোকে বলেন, কী কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি। আর এই তেল রেলওয়ের নিজস্ব কাজে ব্যবহারের জন্য আনা হচ্ছিল। এগুলো প্রাথমিকভাবে সিজিপিওয়াইতে রাখার কথা ছিল।
সিজিপিওয়াইয়ের স্টেশনমাস্টার আবদুল খালেক রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। কিন্তু তেল পড়া রোধে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এই তেল সিজিপিওয়াইয়ের খালে মিশে যাচ্ছে। লাইনচ্যুত ওয়াগন উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে বলে জানান তিনি।