আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও চার মামলায় জামিন পেলেন

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার জামিন শুনানি উপলক্ষে তাঁকে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়ছবি: আসাদুজ্জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও চারটি মামলায় জামিন পেয়েছেন। এ নিয়ে ছয়টি মামলায় জামিন পেলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ বৃহস্পতিবার চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করে আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আটটি মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল আজ। এর মধ্যে চারটি মামলার মূল নথি বিচারিক আদালতে আছে। এই চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বাকি চারটি মামলার মূল নথি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আছে। এই নথি আসা সাপেক্ষে বাকি চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন বিষয়ে শুনানি হবে।

আরও পড়ুন

আজ জামিন শুনানির আগে কারাগার থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতে হাজির করা হয়।

এর আগে গতকাল বুধবার পল্টন থানার পৃথক দুই মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়।