চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবার ২৫ জন চিকিৎসক বিনা অনুমতিতে অনুপস্থিত পেয়েছেন সিভিল সার্জন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসপাতাল দুটি আকস্মিক পরিদর্শনে গিয়ে এই চিত্র দেখতে পান সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
এ জন্য চন্দনাইশের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএফপি) আবদুল্লাহ আল ইফরান ও আনোয়ারার ইউএইচএফপি মো. মামুনুর রশীদকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ চন্দনাইশে ১৪ চিকিৎসক ও আনোয়ারায় ১১ চিকিৎসক অনুপস্থিত ছিলেন। এ ছাড়া আনোয়ারায় স্টাফ নার্সসহ ১৩ জন ও চন্দনাইশে ৫ কর্মী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, হাসপাতাল দুটির জরুরি বিভাগ অপরিচ্ছন্ন, যন্ত্রপাতি নষ্ট এবং চিকিৎসকদের পরনে অ্যাপ্রোন ছিল না। এসব কারণে জনগণ স্বাস্থ্যসেবাবঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। পাঁচ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ৯ জুলাই মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ (ইউএইচএফপি) সাত চিকিৎসককে অনুপস্থিত দেখতে পান সিভিল সার্জন। তখন ইউএইচএফপি মিনহাজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেন সিভিল সার্জন।