ড্যাপ সংশোধনে ঢাকার বাসযোগ্যতা আরও সংকটে পড়বে: আইপিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকা
ফাইল ছবি

আবাসন ব্যবসায়ীসহ কতিপয় স্বার্থসংশ্লিষ্ট ব৵ক্তিদের চাপে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে অভিযোগ তুলেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। তারা বলছে, এই সংশোধনীতে আবাসন প্রকল্পে ভবন নির্মাণের জন্য নির্ধারিত ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) ছাড় দেওয়া হয়েছে। এতে ঢাকার বাসযোগ্যতা আরও সংকটে পড়বে।

ঢাকার বাসযোগ্যতার বিষয়টিতে ছাড় দিয়ে এমন সংশোধন করায় উদ্বেগ জানিয়ে সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেছে আইপিডি। আগের দিন রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ড্যাপ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে।

আইপিডির নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খানের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সংশোধনীটি এমন সময়ে চূড়ান্ত করা হলো, যার কয়েক দিন আগেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় ঢাকার বাসযোগ্যতার সংকটের বিষয়টি আবারও উন্মোচিত হয়েছে। পাশাপাশি যানজট, বায়ুদূষণ, তাপমাত্রা বৃদ্ধি, ডেঙ্গুর ভয়াবহতা, জনস্বাস্থ্য বিপর্যয় প্রভৃতি কারণে ঢাকার বাসযোগ্যতা তলানিতে রয়েছে।

ড্যাপ সংশোধনের আগেই এলাকাভিত্তিক ও ব্লকভিত্তিক এফএআরের যে মান দেওয়া ছিল, বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী তা বেশি ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আইপিডি বলছে, নাগরিক সুবিধা, পরিষেবা ও অবকাঠামোর বিবেচনায় ঢাকা শহর চার গুণের বেশি জনসংখ্যা, জনঘনত্ব, ভবন ও অবকাঠামো ধারণ করে আছে। ফলে ঢাকাকে বাঁচাতে উন্নয়ন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।

আবাসন–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) জরিমানা সাপেক্ষে অবৈধ ও বিচ্যুতি নিয়ে নির্মিত বহুতল ভবন বৈধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে বলেও উল্লেখ করেছে আইপিডি। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে আইপিডি বলেছে, অথচ রাজউকসহ সরকারি সব সংস্থার সামনেই এসব ভবন নির্মিত হয়েছে। এ বিষয়ে উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মচারীদের গাফিলতি, অবৈধ ভবনের মালিক কিংবা অবৈধ আবাসন প্রকল্পের মালিকের বিষয়ে বিস্ময়করভাবে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট সব সংস্থা।